এটা হতে পারত সহজ এক জয়। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ জিতল স্নায়ুর ওপর অত্যাচারের চূড়ান্ত করে। ২২৯ রানের মাঝারি পুঁজি নিয়েও জিতে যেতে পারত ভারত। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নদের ওয়ানডেতে টানা ষষ্ঠ জয়টি পেতে দিল না শেষ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের ১০ রানের জুটি। টিনো বেস্টকে সঙ্গী করে দলকে জিতিয়ে কেমার রোচ নিজের ২৫তম জন্মদিনটাকে স্মরণ করার উপলক্ষ পেয়ে গেলেন। ১ উইকেটে জিতে ত্রিদেশীয় সিরিজের জ্যামাইকা পর্বটা টানা দুই জয় দিয়ে শেষ করল ওয়েস্ট ইন্ডিজ। গত পরশুর ম্যাচে ওয়েস্ট ইনিংসের ইনিংসটাকে ভাগ করা যায় পরিষ্কার তিনটি ভাগে—শুরুর হোঁচট, মাঝে পাল্টা-আক্রমণ ও শেষে এলোমেলো হয়ে যাওয়া। দ্বিতীয় ওভারেই স্বাগতিকেরা হারিয়ে ফেলে আগের ম্যাচে সেঞ্চুরি করা ক্রিস গেইলকে। ইনিংসের বয়স ৫ ওভার হতে না-হতেই বিদায় ডেভন স্মিথ ও মারলন স্যামুয়েলসেরও। ৩ উইকেটে ২৬! ড্যারেন ব্রাভোকে নিয়ে এরপরই জনসন চার্লসের প্রতিরোধ। চতুর্থ উইকেটে ১১৬ রানের জুটি গড়ার পর ব্রাভো আউট (১৪২/৪)। সকালের ভেজা উইকেটটা শুকিয়ে তখন বেশ সহজ, মনে হচ্ছিল সহজেই জিতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। তখনই নাটক, একের পর এক বাজে শট খেলে উইকেট বিলিয়ে দিয়ে উল্টো পরাজয়ের শঙ্কা। এক প্রান্ত ধরে রাখা ওপেনার চার্লসও যখন প্রাপ্য সেঞ্চুরিটাকে পায়ে দললেন, ভারত তখন জয়ের সুবাস পাচ্ছে (২১১/৮)। ১০০ বলে ৮ চার ও ৪ ছয়ে ৯৭ রান করে চার্লস যখন আউট হলেন, ওয়েস্ট ইন্ডিজের জয় তখনো ১৯ রান দূরে। এই সময়টাতেই ভারত হয়তো অভাব বোধ করেছে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ঠান্ডা মাথাটাকে। ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ধোনি আর ফিল্ডিংয়েই নামেননি। পুরো টুর্নামেন্টই শেষ হয়ে গেছে তাঁর। ধোনির বদলি হিসেবে কাজ চালিয়েছেন বিরাট কোহলি। কোহলিও স্বীকার করেছেন, ধোনি থাকলে হয়তো ফল অন্য রকম হতে পারত। ওয়েস্ট ইন্ডিজও ম্যাচের আগে হারিয়ে ফেলে অধিনায়ক ডোয়াইন ব্রাভোকে। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হিসেবে কাইরন পোলার্ডের অভিষেক হয়ে যায় এই সুযোগে। টুর্নামেন্ট পোর্ট অব স্পেনে যাওয়ার আগে আজ কিংস্টনে শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। এএফপি, ওয়েবসাইট। সংক্ষিপ্ত স্কোরভারত: ৫০ ওভারে ২২৯/৭ (রোহিত ৬০, ধাওয়ান ১১, কোহলি ১১, কার্তিক ২৩, রায়না ৪৪, ধোনি ২৭, জাদেজা ১৫, অশ্বিন ৫*, ভুবনেশ্বর ১১*; রোচ ২/৪১, বেস্ট ২/৫২, স্যামি ২/৪১, পোলার্ড ০/৮, নারাইন ০/৫৬, স্যামুয়েলস ১/২০)। ওয়েস্ট ইন্ডিজ: ৪৭.৪ ওভারে ২৩০/৯ (গেইল ১১, চার্লস ৯৭, স্মিথ ০, স্যামুয়েলস ১, ড্যারেন ব্রাভো ৫৫, পোলার্ড ৪, রামদিন ৪, স্যামি ২৯, রোচ ১৪*, নারাইন ৫, বেস্ট ৩; ভুবনেশ্বর ১/৩৬, যাদব ৩/৪৩, জাদেজা ০/৫০, ইশান্ত ২/৫১, অশ্বিন ২/৪৪, রায়না ১/৪)। ফল: ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: জনসন চার্লস।