রুদ্ধশ্বাস ম্যাচে ঢাকার হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিল লরি মিরপুরের কমেন্ট্রি বক্সে থাকলে নিশ্চয়ই বলতেন, ‘ইটস অল হ্যাপেনিং।’ নাটক, রোমাঞ্চ, উত্তেজনা...কী হলো না কাল! এমনিতে ক্রিস গেইলের সেঞ্চুরির দিন গৌণ হয়ে যায় বাকি সবকিছুই। কিন্তু কাল গেইলের সেঞ্চুরিকেও ছাপিয়ে গেল ম্যাচ। টি-টোয়েন্টি ক্রিকেট তার সব নাটকীয়তা উপহার দিল শেরেবাংলা স্টেডিয়ামকে। যে নাটকের শেষ অঙ্কে হাসল ঢাকা গ্ল্যাডিয়েটরস। ফাইনালে ওঠার লড়াইয়ে সিলেট রয়্যালসকে ৪ রানে হারিয়ে চ্যাম্পিয়নরা ফাইনালে।জয়-পরাজয়ের ঊর্ধ্বে ওঠা নাটকীয় ম্যাচকে নির্দিষ্ট করে বললে ছাপিয়ে গেছে মহানাটকীয় শেষ ওভার। জয়ের জন্য সিলেটের প্রয়োজন ছিল ২৪ রান। অসম্ভবের কাছাকাছি এই কাজটিকে প্রায় সম্ভব বানিয়ে ছেড়েছিল সিলেট। আর জোহানেসবার্গকে মিরপুরে প্রায় ফিরিয়েই আনছিলেন মাশরাফি বিন মুর্তজা। ২০০৯ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জয়ের জন্য শেষ ওভারে ২১ প্রয়োজন ছিল ডেকান চার্জার্সের। মাশরাফির ওভারে রোহিত শর্মা নিয়েছিলেন ২৬!কাল যেন রোহিতের রূপ ধরে এসেছিলেন এলটন চিগুম্বুরা। প্রথম দুই বলেই ছক্কা। চতুর্থ বলে ওয়াইড। পরের বল আকাশে তুলে উইকেটকিপারের গ্লাভসবন্দী চিগুম্বুরা, কিন্তু আম্পায়ার এনামুলের সন্দেহ নো-বল। বারবার রিপ্লে দেখে থার্ড আম্পায়ারের কাছ থেকেও মিলল সম্মতি। ৩ বলে তখন প্রয়োজন ৮, ম্যাচ হেলে যায় সিলেটের দিকে। পরের বলে দ্বিতীয় রান নিতে গিয়ে চিগুম্বুরার জন্য নিজেকে রানআউটে বলি দিলেন মুশফিক। পঞ্চম বলে আবার আকাশে তুললেন চিগুম্বুরা, কিন্তু স্কয়ার লেগে সহজ ক্যাচ ছাড়লেন ফিল্ডার রকিবুল। এল ২ রান। শেষ বলে প্রয়োজন ৫, এবারও উঁচু করে মারলেন চিগুম্বুরা। এবার মিড উইকেটে তাঁকে তালুবন্দী করে ড্যারেন স্টিভেন্স ভরা গ্যালারিতে হিল্লোল তুললেন। ডাগ-আউটে তখন শূন্য দৃষ্টিতে বসে মুশফিকুর রহিম। ব্যাটিংয়ে নিজেকে রানআউটে উৎসর্গ করে ম্যাচ শেষেও তিনি ট্র্যাজেডির নায়ক। মনে করিয়ে দিলেন গত আসরের সেমিফাইনালের সাকিব আল হাসানকে। সাকিবের ৪১ বলে ৮৬ রানের ঝড় সামলে সেবার ঢাকা জিতেছিল ৯ রানে। কাল মুশফিকের ৪৪ বলে ৮৬ রানের ঝড় সামলে জিতল ৪ রানে। নায়ক শেষ পর্যন্ত ক্রিস গেইলই।যে আশায় অস্ট্রেলিয়া সিরিজ শেষেই তাঁকে উড়িয়ে এনেছে ঢাকা, ‘ক্যারিবীয় দানব’ কাল দিয়েছেন তার চেয়েও বেশি। ক্যারিবিয়ান টি-টোয়েন্টির দুটি ম্যাচ বাদে রানখরায় দীর্ঘদিন। কাল নিজের প্রিয় মঞ্চ পেয়ে আবার জ্বলে উঠলেন। গত বিপিএলে ৫ ম্যাচে ২ সেঞ্চুরির পর এবারও প্রথম ম্যাচেই সেঞ্চুরি! সেটাও এমন এক জায়গা থেকে, দল যেখানে ধুঁকছিল শুরুতে।গেইলের সঙ্গে মনস্তাত্ত্বিক লড়াই খেলতেই প্রথম ওভারে বল পান সোহাগ গাজী। কিন্তু স্ট্রাইক নিলেন দিলশান, দলের লাভ হলো না কিছুই। প্রথম বলে বোল্ড! পরের ওভারে আউট আশরাফুলও, ১ রানে নেই ২ উইকেট। সাকিব নেমেই শুরু করলেন পাল্টা আক্রমণ, তৃতীয় উইকেটে ৬২ রানের জুটি। টি-টোয়েন্টি অভিষেকেই প্রথম দুই বলে সাকিব (২১ বলে ৩৮) ও স্টিভেন্সকে ফিরিয়ে সিলেটকে লড়াইয়ে ফেরান সাজেদুল। কিন্তু গেইল যে ছিলেন! ২৯ বলে ২৭ থেকে ফিফটি ছুঁলেন ৩৬ বলে, সেঞ্চুরি করতে লেগেছে আর মাত্র ১০ বল! ঢাকা পায় দুই শ ছুঁই-ছুঁই স্কোর। শেষ ৭ ওভারে ঢাকা তুলেছে ১০১ রান, গেইলের ব্যাটেই ২০ বলে ৮২ রান। শেষ ৭ ওভারে সিলেটের প্রয়োজন ছিল ৮৩। গেইল নামক কোনো ঝড়কে না পেয়েও তারা জিতে যাচ্ছিল। পারল না অল্পের জন্য। তবে সেরা দুই দল উপহার দিল টুর্নামেন্টের সেরা ম্যাচ। সংক্ষিপ্ত স্কোরঢাকা গ্ল্যাডিয়েটরস: ২০ ওভারে ১৯৭/৯ (দিলশান ০, গেইল ১১৪, আশরাফুল ১, সাকিব ৩৮, স্টিভেন্স ০, এনামুল ০, পোলার্ড ১৮, মাশরাফি ১০, টমাস ৩*, মোশাররফ ৩; সাজেদুল ৩/২৩, নবী ২/১৭, সোহাগ ২/৩৪, স্টার্লিং ১/৩২, চিগুম্বুরা ১/৩৩)। সিলেট রয়্যালস: ২০ ওভারে ১৯৩/৬ (চন্দরপল ৫, স্টার্লিং ১৬, স্মিথ ৪১, মুশফিক ৮৬, নাজমুল মিলন ১০, চিগুম্বুরা ২৪, নবী ০*; মাশরাফি ২/৪০, সাকিব ১/২৯, টমাস ১/৩০, মোশাররফ ১/৪০)।ফল: ঢাকা গ্ল্যাডিয়েটরস ৪ রানে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: ক্রিস গেইল।