রুদ্ধশ্বাস ম্যাচে হারল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিপক্ষের আরেকটি আক্রমণ রুখে দেওয়ার চেষ্টা বাংলাদেশ দলের। কাল মিরপুর ইনডোরে কিরগিজস্তানের বিপক্ষে l প্রথম আলো
প্রতিপক্ষের আরেকটি আক্রমণ রুখে দেওয়ার চেষ্টা বাংলাদেশ দলের। কাল মিরপুর ইনডোরে কিরগিজস্তানের বিপক্ষে l প্রথম আলো

এমন নাটকীয় ম্যাচ সর্বশেষ কবে দেখেছেন, তা মনে করতে পারলেন না মোস্তফা কামাল। খেলোয়াড়, কোচিং ও সংগঠকজীবন মিলিয়ে প্রায় ৫৭ বছরের ক্যারিয়ার ভলিবল ফেডারেশনের বর্তমান সহসভাপতির। ম্যাচ শেষে তাঁর কণ্ঠে ছিল বদলে যাওয়া বাংলাদেশের প্রশংসা, ‘আমার দেখা বাংলাদেশের অন্যতম সেরা ম্যাচ এটি।’
মোটেও ভুল বলেননি এই কর্মকর্তা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলে কাল শক্তিশালী কিরগিজস্তানের কাছে ৩-২ সেটে হেরেছে বাংলাদেশ। কিন্তু ক্ষণে ক্ষণে রং বদলেছে ম্যাচের। বাংলাদেশ এগিয়ে গেছে তো পরক্ষণেই ম্যাচে ফিরেছে কিরগিজরা। হারলেও অবশ্য ফাইনাল জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায়নি বাংলাদেশের। আজ মালদ্বীপকে হারালেই ফাইনাল।
মিরপুর ইনডোরে গত দুটি ম্যাচের তুলনায় বেশি দর্শক এসেছিল কাল। কখনো মেক্সিকান ওয়েভ, কখনো ‘বাংলাদেশ, বাংলাদেশ’ বলে গগনবিদারী চিৎকার। শেষ পর্যন্ত হেরেছে বাংলাদেশ, কিন্তু সাঈদ আল জাবিরদের লড়াকু মানসিকতা দেখে তৃপ্তি নিয়েই ঘরে ফিরেছেন দর্শকেরা।
প্রথম সেটটি একসময় ২১-২১-এ সমতায় ছিল। শেষ পর্যন্ত ২৫-২৩-এ হারে বাংলাদেশ। একপর্যায়ে ২৩-২৩-এ থাকা দ্বিতীয় সেটটি ২৫-২৩-তে জিতে নেয় বাংলাদেশ। তৃতীয় সেটেও তুমুল লড়াই করে ২৫-২৩-তে হার। চতুর্থ সেটে ২০-১৪-তে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২৫-২৩ পয়েন্টে জিতে ম্যাচটিই জেতার স্বপ্ন দেখতে শুরু করেন আল জাবিররা। শেষ সেটে নিয়ম অনুসারে যে দল আগে ১৫ পয়েন্ট পায় তারাই জেতে। এই সেটে পিছিয়ে থাকা কিরগিজরা একসময় ১৩-১৩ করে হাসে শেষ হাসিটাও।
গত সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের আঞ্চলিক পর্বে বাংলাদেশ গিয়েছিল কিরগিজস্তান। সেখানে কিরগিজদের কাছে ৩-০ সেটে হেরেছিল বাংলাদেশ। অথচ মাত্র তিন মাসে এই দলের এমন উন্নতি দেখে অবাক কিরগিজ অধিনায়ক কাইলাইচবেক সারবাগিশেভ, ‘ভলিবলে বাংলাদেশের উন্নতি দেখে আমার খুবই ভালো লাগছে। আমরা ভাগ্যবান যে ম্যাচটা জিতে গেছি।’
হারলেও ছেলেদের খেলায় খুশি বাংলাদেশের ইরানি কোচ আলী পোর আরজি, ‘আজ ছেলেরা যেভাবে খেলেছে তাতে আমি সন্তুষ্ট। অভিজ্ঞতার কাছে হেরেছি আমরা।’