রুনি ইংলিশ ম্যারাডোনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিয়েগো ম্যারাডোনা? যে ডান পায়ে খেলতে পারে না, হেড করতে পারে না কিন্তু হাত দিয়ে গোল দেয়—এই হলো ম্যারাডোনা সম্পর্কে নাকউঁচু ইংলিশদের ধারণা। সেই ইংলিশরাই খুঁজছে একজন ম্যারাডোনাকে! এত দিন যে চলটা ছিল আর্জেন্টাইনদের মধ্যে। ডিয়েগো লাটোরেকে দিয়ে যে ‘নতুন ম্যারাডোনা’র সন্ধান পেয়েছিল আর্জেন্টিনা; ওর্তেগা-রিকেলমে হয়ে তেভেজ-মেসি-আগুয়েরো ঘুরে সেই তালিকা এসে ঠেকেছে ফ্র্যাঙ্কো ডি সান্টোকে দিয়ে।আর্জেন্টাইনদের ব্যাপারটা না হয় বোঝা গেল। কিন্তু ব্রিটিশরা ‘নতুন লিনেকার’ কিংবা ‘ববি চার্লটন’ না খুঁজে হঠাত্ ম্যারাডোনার সন্ধানে কেন? ম্যারাডোনাই তো একসময় ছিল তাদের জাতীয় শত্রু। ১৯৮৬ বিশ্বকাপের ক্ষতে কি জমল সময়ের পলিমাটি? তা ব্রিটিশদের নতুন ম্যারাডোনাটাই বা কে? ওয়েইন রুনি!ম্যানচেস্টার ইউনাইটেডের এই স্ট্রাইকারের মধ্যে ম্যারাডোনার ছায়া খুঁজে পাচ্ছেন ইংলিশ কোচ টেরি ভেনাবলস। কার্লিং কাপের সেমিফাইনালে অতিরিক্ত সময়ে গোল করে দলকে ফাইনালে তোলা রুনির মধ্যে সত্যিকারের ‘ম্যাচজয়ী’র ছায়া খুঁজে পাচ্ছে আরও অনেকে। তবে একসময় বার্সেলোনা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দল সামলানো ভেনাবলস বলছেন, এই কৃতিত্বের সঙ্গে তুলনা চলে কেবল ম্যারাডোনার।‘সিটির বিপক্ষে ওর খেলা আমাদের আবারও মনে করিয়ে দিল, ও সত্যিকারের বিশ্বসেরা পারফর্মার। পাশাপাশি ওর ম্যাচ জেতানো পারফরম্যান্স দেখার পর আমি মনের কথাটি আর লুকিয়ে রাখতে পারছি না—রুনিই আমাদের ম্যারাডোনা’—দ্য সানকে বলেছেন ভেনাবলস।রুনি যেন আসলেই নতুন করে চেনাচ্ছেন নিজেকে। এত দিন ক্রিস্টিয়ানো রোনালদোর ছায়ায় ঢাকা ছিলেন। রোনালদো রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার সবচেয়ে ভালো দিক হলো রুনির রোনালদো-গ্রহণ থেকে বেরিয়ে আসা। কালকের ম্যাচের আগ পর্যন্ত লিগে ২২ ম্যাচে করেছেন ১৯ গোল। সব মিলে এবারের মৌসুমের মাঝপথেই করেছেন ২১টি গোল । গতবার যেখানে পুরো মৌসুমে রুনির গোলসংখ্যা ছিল ২০।শুধু গোল করে যাচ্ছেন বলেই ম্যারাডোনার সঙ্গে তুলনা নয়। ভেনাবলসের চোখে, রোনালদোকে হারিয়ে মানসিকভাবে দুর্বল হয়ে পড়া দলটাকে টেনে তুলেছেন রুনিই। সতীর্থদের সেরাটাও বের করে আনছেন। যেমনটা করতেন ম্যারাডোনা।এদিকে লিভারপুল কিংবদন্তি মার্ক লরেনসন বলছেন, জর্জ বেস্ট, এরিক ক্যান্টোনা আর রোনালদোর চেয়েও রুনি নাকি ঢের ভালো। বিশ্বকাপটা তাই রুনির জন্য বড় পরীক্ষার মঞ্চ। ওয়েবসাইট।