রুনি-এভরা-ভিদিচ এবং ফার্গুসন
প্রাক-মৌসুম প্রস্তুতির জন্য ম্যানচেস্টার ইউনাইটেড এখন যুক্তরাষ্ট্রে। স্থানীয় কয়েকটি ক্লাবসহ স্যার অ্যালেক্স ফার্গুসনের দল খেলবে তাঁর দেশের ক্লাব সেল্টিকের সঙ্গেও। তবে সদলবলে যুক্তরাষ্ট্রে গিয়েও ফার্গুসনের মনটা ঠিক দলের সঙ্গে নেই। বিশ্বকাপ থেকে ভাঙা মন নিয়ে ফিরেছেন দলের রক্ষণ ও আক্রমণভাগের তিন গুরুত্বপূর্ণ সেনানী প্যাট্রিচ এভরা, নেমানিয়া ভিদিচ ও ওয়েইন রুনি। ক্লাব মৌসুম শুরু হওয়ার আগে ভাঙা মনগুলো জোড়া লাগানো নিয়েই এখন ফার্গুসনের যত ভাবনা।১৪ আগস্ট মাঠে গড়াচ্ছে এ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ। প্রথম দিনেই শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামছে চেলসি, মাঠে নামছে ম্যানচেস্টার সিটি, অ্যাস্টন ভিলা, ওয়েস্টহামও। মাঠে নামছে প্রিমিয়ারে উঠে আসা ব্ল্যাকপুল, বার্মিংহামও। মৌসুমের প্রথম বড় ম্যাচটা হতে যাচ্ছে পরদিনই, গত মৌসুমে চূড়ান্ত হতাশ করা লিভারপুলের নতুন কোচ রয় হজসনের দল খেলবে আর্সেন ওয়েঙ্গারের আর্সেনালের বিপক্ষে। ম্যানইউ মাঠে নামছে মৌসুমের তৃতীয় দিন, প্রতিপক্ষ এ মৌসুমে প্রিমিয়ারে উঠে আসা আরেক দল নিউক্যাসল ইউনাইটেড।এভরা-রুনিরা দলের সঙ্গে যাননি যুক্তরাষ্ট্রে, যাননি দলের সবচেয়ে বড় তারকাদের অনেকেই। বিশ্বকাপ থেকে ফিরে বিশ্রামে তাঁরা। ফার্গুসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ রুনিকে আবার জাগিয়ে তোলা। বিশ্বকাপে গিয়েছিলেন সম্ভাব্য মহাতারকা হিসেবে। রেড ডেভিলদের হয়ে গত মৌসুমের অসাধারণ পারফরম্যান্সেই তাঁকে ঘিরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেছিল ইংলিশরা। কিন্তু পুরো বিশ্বকাপটা যেন ঘুমিয়ে কাটালেন রুনি, মুখ থুবড়ে পড়ল ইংলিশদের স্বপ্নও। শিরোপা পুনরুদ্ধারে ফার্গুসনের সবচেয়ে বড় অস্ত্রকে আবার ধারালো করে তোলাই ফার্গুসনের চ্যালেঞ্জ। মানসিকভাবে বিধ্বস্ত লেফটব্যাক এভরাও। মাঠের পারফরম্যান্স তো বটেই, মাঠের বাইরের নানা বিতর্কেও সমালোচনার কেন্দ্রে আছেন ফ্রান্স অধিনায়ক। বাছাইপর্বে দুর্দান্ত খেলে বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ হয়েছে সেন্ট্রাল ডিফেন্ডার ভিদিচের দল সার্বিয়াও।ব্যাপারটা বেশ ভাবাচ্ছে ফার্গুসনকে। বর্ষীয়ান এই কোচ অবশ্য আশা করছেন বিশ্বকাপের দুঃসহ স্মৃতিকে পেছনে ফেলতে পারবে তাঁর শিষ্যরা। পুরোপুরি তরতাজা হয়ে ফেরার জন্য রুনিকে মৌসুম শুরুর কয়েকটা দিন বাড়তি বিশ্রাম দেওয়ার কথা ভাবছেন ফার্গুসন। এই স্কটিশকে অবশ্য আশার আলো দেখাচ্ছেন হাভিয়ের হার্নান্দেজ। এ মৌসুমেই ওল্ড ট্রাফোর্ডে আসা এই মেক্সিকান বিশ্বকাপে দুর্দান্ত খেলে নজর কেড়েছেন। ২২ বছর বয়সী ফরোয়ার্ড প্রিমিয়ার লিগেও নজর কাড়বেন বলে বিশ্বাস ফার্গুসনের। এদিকে মৌসুমের প্রথম ম্যাচেই আর্সেনালের মুখোমুখি হওয়ার আগে লিভারপুলের দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছেন ফার্নান্দো তোরেস। হাঁটুর ইনজুরির জন্য গত মৌসুমের শেষটা মিস করা স্ট্রাইকার এবার পড়েছেন গ্রোয়েন ইনজুরিতে।আরেক জনপ্রিয় ফুটবল লিগ স্প্যানিশ লা লিগা শুরু হচ্ছে ২৮ আগস্ট। শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামার আগে দারুণ একটা সুখবর পেয়েছে বার্সেলোনা, অন্তত আরও এক বছর কোচ হিসেবে থাকছেন পেপ গার্দিওলা। বার্সার প্রেসিডেন্ট নির্বাচনের আগে গার্দিওলা বলেছিলেন, হুয়ান লাপোর্তা আবার নির্বাচিত না হলে কোচ থাকবেন না তিনি। নতুন প্রেসিডেন্ট হয়েই অবশ্য স্যান্ড্রো রোসেল বলেছিলেন, আরও ছয় বছর রাখবেন গার্দিওলাকে। ছয় বছর না হলেও আরও এক বছরের জন্য চুক্তিতে সই করেছেন বার্সাকে দুই মৌসুমে সাতটি ট্রফি এনে দেওয়া কোচ।লা লিগা শুরুর দিনই মাঠে গড়াবে সিরি ‘আ’। প্রিমিয়ার লিগ ও লা লিগার মাঝামাঝি, ২১ আগস্ট শুরু হচ্ছে বুন্দেসলিগা। ওয়েবসাইট।