রুনি চলে যাবেন, যদি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই মৌসুম শেষেই ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যাবেন ওয়েইন রুনি? ইউনাইটেডের কোচ ডেভিড ময়েসই দিলেন এই ইঙ্গিত। তবে একটা শর্ত আছে। ইউনাইটেড যদি শীর্ষ চারে থেকে লিগ শেষ করতে না পারে, তাহলেই। তবে ইউনাইটেড কোচ এটাও জানিয়েছেন, এ মুহূর্তে ওল্ড ট্রাফোর্ডে রুনি সুখেই আছেন!
গত মৌসুমে শিরোপাজয়ী দলটাই এবার ময়েসের হাতে পড়ে খাবি খাচ্ছে। ২০ ম্যাচ শেষে ইউনাইটেড সাত নম্বরে। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে। এমনকি চারে থাকা লিভারপুলের চেয়েও ৫ পয়েন্ট কম। শিরোপা দূরস্থান, ইউনাইটেড শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে পারবে কি না, সেই প্রশ্নও উঠছে।
কয়েক মৌসুম ধরেই ইউনাইটেড ছাড়তে চাইছেন রুনি। গত মৌসুমে চলেই গিয়েছিলেন প্রায়! কিন্তু শেষ পর্যন্ত থেকে গেলেও এখনো নতুন চুক্তিতে স্বাক্ষর করেননি। শিগগিরই তা করবেন বলেও মনে হচ্ছে না। অথচ মৌসুম শেষেই শেষ হয়ে যাচ্ছে তাঁর চুক্তির মেয়াদ। রুনি চুক্তি স্বাক্ষর করবেন, এ নিয়ে ইউনাইটেড কোচ কতটা আশাবাদী? উত্তরটা ময়েসেরও অজানা, ‘এ জন্য আমাদের অপেক্ষাই করতে হবে। দেখা যাক কী ঘটে।’ দল শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারে কি না, তা দেখার অপেক্ষায় আছেন রুনিও। যদিও তিনি নিজে আছেন দারুণ ফর্মে। করেছেন ১১টি গোল। তাঁর পারফরম্যান্সে কোচ ময়েস খুশি, ‘তার পারফরম্যান্সের দিকে তাকালে আপনাকে বলতেই হবে সে নিজের সেরা খেলাটা খেলছে।’
সেরা ফর্মের রুনিই আজ ময়েসের দুশ্চিন্তার কারণ। আজ সোয়ানসি সিটির বিপক্ষে এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচ ইউনাইটেডের। ওল্ড ট্রাফোর্ডের এই ম্যাচে ইউনাইটেডকে মাঠে নামতে হচ্ছে রুনিকে ছাড়াই। বুধবার টটেনহামের কাছে হারে লিগ শিরোপাস্বপ্নটা আরও বিবর্ণ হয়েছে। এ অবস্থায় এফএ কাপটাকে খুবই গুরুত্ব দিচ্ছেন ময়েস। দায়িত্বের প্রথম মৌসুমেই দলকে ১০ বছর পর জেতাতে চান এফএ কাপের শিরোপা। ইউনাইটেড সর্বশেষ এফএ কাপের শিরোপা জিতেছে ২০০৪ সালে। ইউনাইটেডের সঙ্গে আজ এফএ কাপ যুদ্ধে নামছে চেলসি, লিভারপুলও। এএফপি ও ওয়েবসাইট।