রুনি থাকছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওল্ড ট্রাফোর্ড ছাড়ছেন ওয়েইন রুনি—কয়েক দিন ধরেই গুঞ্জনটা ভেসে বেড়াচ্ছিল বাতাসে। ম্যানচেস্টার ইউনাইটেডের কেউই এটা নিয়ে অবশ্য এত দিন মুখ খোলেননি। স্যার অ্যালেক্স ফার্গুসন নিজেই এবার নীরবতা ভাঙলেন। গুজবে জল ঢেলে জানিয়েছেন রুনি ইউনাইটেড ছেড়ে কোথাও যাচ্ছে না , ‘সে পরের বছর এখানেই থাকবে। রোববার চেলসির বিপক্ষেও সে মাঠে নামবে, এটা নিয়েও সন্দেহ নেই।’ আগামীকালই এফএ কাপের শেষ আটে ইউনাইটেডের প্রতিপক্ষ চেলসি। রিয়াল মাদ্রিদের সঙ্গে ম্যাচে রুনিকে প্রথম একাদশে না রাখার পরই চাউর হয় গুজবটা। কারণটাও ব্যাখ্যা করেছেন ফার্গি, ‘সে জানে ওকে না খেলানোর সিদ্ধান্তটা পুরোপুরিই কৌশলগত ছিল।’ ইউনাইটেড কোচ উড়িয়ে দিয়েছেন দুজনের মধ্যে মনোমালিন্যের খবরও, ‘আমাদের মধ্যে কিছুই নেই। অনুশীলনে আমাদের কথা না হওয়াটাও ফালতু একটা খবর।’ রয়টার্স।