রুনি থাকছেন তো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যালেক্স ফার্গুসনের পর কি ওয়েইন রুনিকেও হারাতে চলছে ম্যানচেস্টার ইউনাইটেড? তাঁরই সাবেক গুরু ডেভিড ময়েসের ইউনাইটেডে আসার খবরটা টাটকা থাকতেই রুনির বদৌলতে বাতাসে ছড়িয়ে পড়ল এই গুঞ্জন। ২৭ বছর বয়সী এই ইংলিশ স্ট্রাইকার অবশ্য ইউনাইটেড ছাড়ার জন্য ব্যাকুল হয়েছিলেন ফার্গি থাকতেই। সেবার বলে-কয়ে তাঁকে আটকানো হয়েছিল। এবার ফার্গিই যখন অবসরে যাচ্ছেন, রুনিকে আটকাবে কে?

কেন ময়েসই! রুনির ইউনাইটেড ছাড়ার সিদ্ধান্তটি নাকি রুনি নিয়ে রেখেছিলেন আগেই। মৌখিকভাবে নিজের সিদ্ধান্ত জানিয়েও দিয়েছিলেন। ফার্গুসনের অবসর এবং এর পর ময়েসের ভবিষ্যৎ কোচ হিসেবে নিয়োগ এরই মধ্যে হিসাবে অনেক ওলট-পালট করে দিয়েছে। গত মৌসুমে ৪৪ ম্যাচে ৩৪ গোল করার পরও এই মৌসুমের শুরুতে রবিন ফন পার্সিকে আর্সেনাল থেকে নিয়ে এসেছিল ইউনাইটেড। দ্বিতীয় স্ট্রাইকার হিসেবে খেলানো হয়েছে তাঁকে। এই মৌসুমে ৩৬ ম্যাচে রুনির নামের পাশে মাত্র ১৬ গোল।

নিশ্চয়ই ইউনাইটেডে নিজের ভূমিকাটা মোটেও উপভোগ করছেন না রুনি। এ কারণেই ক্লাব ছাড়তে ব্যাকুল হয়ে উঠেছিলেন। তবে ময়েস কোচ হয়ে যেহেতু আসছেন, রুনি এখন তাঁর সিদ্ধান্ত পাল্টে ফেলতেও পারেন বলে জানিয়েছে ইনডিপেনডেন্ট। ময়েস এভারটনের কোচ থাকার সময়ই লিভারপুলের ক্লাবটির যুবদল থেকে বড়দের দলে সুযোগ পেয়েছিলেন রুনি। ময়েসের অধীনেই তাঁর প্রিমিয়ার লিগ অভিষেক। ২০০৬ সালে আত্মজীবনীতে ময়েস সম্পর্কে উল্টাপাল্টা কথা লিখে অবশ্য সেই সম্পর্কটার অবনতি ঘটিয়েছিলেন। তবে সেসব এখন নাকি অতীতই।

রুনিকে রেখে দিতেই চায় ইউনাইটেড। যদিও শোনা যাচ্ছে আরও একজন স্ট্রাইকারের খোঁজে আছে তারা। এমন গুঞ্জনও শোনা যাচ্ছে, রিয়াল মাদ্রিদ থেকে ফিরিয়ে আনা হবে ক্রিস্টিয়ানো রোনালদোকে। তবে বাস্তবতা হলো, রোনালদো এখন ইউনাইটেডের বাজেটের পক্ষে অনেক ব্যয়বহুল এক ট্রান্সফার। রোনালদোর পেছনে পিএসজির মতো দলগুলো ছুটতে পারে, যাদের রাশি রাশি পেট্রোডলার আছে। তবে ইউনাইটেডের পক্ষে এখন রোনালদোর পেছনে এত বেশি টাকা খরচ করা সম্ভব নয় বলেই জানিয়েছে ক্লাবটির একটি সূত্র। ওয়েবসাইট।