রুনি-দ্যুতি, দ্যুতিময় বার্সা
ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচটি হলো বাংলাদেশ সময়ে সন্ধ্যা উতরে। বার্সেলোনার ম্যাচটি হলো মাঝরাত পেরিয়ে। তখন সূর্যের আলো ছিল না, তবে দুটি ম্যাচই এমন আলো ছড়াল যে, দ্যুতিময় হয়ে উঠল ইউরোপিয়ান ফুটবলের পরশুর রাতটি। ম্যানইউ-হাল সিটির ম্যাচটিতে আলো ছড়ালেন ওয়েইন রুনি। তাঁর চার গোলে হাল সিটিকে ৪-০-তে উড়িয়ে দিয়েছে ম্যানইউ। আর ভ্যালাদোলিদের ম্যাচে দ্যুতিময় ছিল পুরো বার্সা দলই। জাভি হার্নান্দেজ, দানি আলভেজ ও লিওনেল মেসির গোলে ভ্যালাদোলিদকে ৩-০ ব্যবধানে হারিয়েছে বার্সা। এমন আলোকিত রাতেও ইতালির তুরিনে অন্ধকার। জন আর্নে রিসার অন্তিম মুহূর্তের গোলে এএস রোমার কাছে ১-২ গোলে হেরে গেছে তুরিনের ‘ওল্ড লেডি’ জুভেন্টাস। দেল পিয়েরোর ৫১ মিনিটের গোলে অবশ্য প্রথম এগিয়ে গিয়েছিল জুভেন্টাসই। ৬৮ মিনিটে টট্টির পেনাল্টি গোলে ম্যাচে ফেরে রোমা। রিসা জয়সূচক গোলটি করেন ৯০ মিনিটে। ম্যাচের ৮ মিনিটেই দারুণ এক গোল করে রুনি এগিয়ে দেন ম্যানইউকে। এর পর আরও ৩টি গোল করেন রুনি। তবে দ্বিতীয় গোলটি পেতে ৭৪ মিনিট অপেক্ষা করতে হয় রুনি আর ম্যানইউকে। ৮২ মিনিটে দ্বিতীয় গোল করেন রুনি। শেষ ৪ মিনিটে করেন শেষ দুটি গোল। এই চার গোল দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা তাঁর গোলসংখ্যা নিয়ে গেলেন ১৯-এ। এ গোল তিনি করেছেন ২২ ম্যাচে। এভারটনের বিপক্ষে ওলে গানার সোলসকায়েরের ৪ গোলের পর এই প্রথম কোনো ম্যানইউ খেলোয়াড় ম্যাচে ৪ গোল পেলেন। কোচ অ্যালেক্স ফার্গুসন সমর্থকদের ঋণের হতাশা ভুলে রুনির এই অর্জনের উত্সবে ডাক দিয়েছেন, ‘আমাদের কিছু সমর্থক আর্থিক অবস্থা নিয়ে অসন্তুষ্ট। তবে এটাকে বিবাদে পরিণত হতে দিতে পারি না। এ সময়ে ওয়েইনের গোল নিঃসন্দেহে উজ্জ্বলতর বিষয়।’উজ্জ্বল, দ্যুতিময়, দুর্দান্ত—পরশু রাতে ভ্যালাদোলিদ-বার্সেলোনা ম্যাচে বার্সা সম্পর্কে ধারাভাষ্যকারেরা এই কটি কথাই বলছিলেন বারবার। ৩-০, এই স্কোরলাইনটা আসলে আপনাকে কখনোই বোঝাতে পারবে না, ভ্যালাদোলিদকে তাদের মাঠে কতটা কোণঠাসা করে রেখেছিল বার্সা।মেসি, জাভি, ইব্রাহিমোভিচরা গোল মিসের মহড়ায় না নামলে বার্সার জয়ের ব্যবধানটা আরও বড় হতে পারত অনায়াসে। তবে ম্যাচ শেষে ওসব নিয়ে ভাবার অবকাশ ছিল না কোচ পেপ গার্দিওলার। জাভি ও আলভেজের ২ মিনিটের ২ গোল (২০ ও ২২ মিনিট) ম্যাচের ভাগ্য ঠিক করে দিয়েছে জানিয়ে বার্সেলোনা যে আগের মৌসুমের মতোই কক্ষপথে আছে সেটাই বললেন, ‘গত মৌসুমে লিগের প্রথমার্ধে আমরা ৫০ পয়েন্ট পেয়েছিলাম। এবার ৪৯ পয়েন্ট। তাহলে আমরা ঠিক পথেই আছি বলতে পারি।’ এএফপি।