রুনি পাশে চাইছেন স্নাইডারকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন তো বাড়ানো হয়েছেই, একই সঙ্গে ওয়েইন রুনির আরেকটি চাওয়া পূরণের আশ্বাসও দেওয়া হয়েছে। আগামী দলবদলের বাজারেই ১০০ মিলিয়ন পাউন্ড নিয়ে নামছেন অ্যালেক্স ফার্গুসন। এই টাকা দিয়ে চাইলে ক্রিস্টিয়ানো রোনালদোকেও কেনা যাবে। রোনালদো ‘নট ফর সেল’। রুনিই পছন্দের তালিকাও দিয়েছেন। সেই তালিকার শুরুতেই ওয়েসলি স্নাইডার।গত মৌসুমে ইন্টার মিলানকে শিরোপাত্রয়ী জেতানোর পর বিশ্বকাপেও ৫ গোল করেছেন এই ডাচ মিডফিল্ডার। এরপর ইতালিয়ান ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি এখনো হয়নি। রুনি চান এই সুযোগে স্নাইডারকে ওল্ড ট্রাফোর্ডে নিয়ে আসতে। জানুয়ারির দলবদলের বাজারে ম্যানইউর প্রথম কেনা খেলোয়াড়টি তাই স্নাইডারই হতে পারেন। তবে সেজন্য তাঁকে দিতে হবে লোভনীয় প্রস্তাব।ম্যানইউ নাকি রাজিও হয়েছে। ৯০ হাজার থেকে বাড়িয়ে রুনির সাপ্তাহিক বেতন যদি ২ লাখ পাউন্ড করা হতে পারে, স্নাইডারকেও বড় অঙ্ক দিতে খুব একটা আপত্তি ম্যানইউর থাকার কথা নয়। যদিও মাঝারি মানের সব খেলোয়াড়কেও অনেক টাকায় কিনে দলবদলের বাজারটাকে অস্থির করার অভিযোগ সবচেয়ে বেশি তুলতেন স্যার ফার্গুসনই। সেই ফার্গুসনকে এত টাকা ঢালতে দেখে বিস্মিত আর্সেন ওয়েঙ্গার। আর্সেনাল কোচ আসলে বিস্মিত খেলোয়াড়দের সাপ্তাহিক বেতনের অঙ্ক দেখে, ‘প্রথম যখন এই ক্লাবে কোচ হয়ে এলাম, খেলোয়াড়েরা ২ লাখ পাউন্ড বেতন পেত এক বছরে। ১৫ বছরও হয়নি, এখন দেখছি খেলোয়াড়েরা সপ্তাহেই এই পরিমাণ বেতন পাওয়া শুরু করেছে।’খেলোয়াড়দের আকাশছোঁয়া বেতনের জন্য দায়ী কিন্তু চেলসি। রুশ ধনকুবের রোমান আব্রামোভিচ ছয় বছর আগে টাকার বস্তা নিয়ে নেমেছিলেন ইউরোপের ফুটবলে। সেই চেলসিরও বোধ হয় টনক নড়েছে। ক্লাবের চেয়ারম্যান ব্রুস বাক তাই বলছেন, খেলোয়াড়দের বেতনের সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়ার উদ্যোগ নেওয়া হলে সেটিকে তাঁরা স্বাগতই জানাবেন।এদিকে রুনির ম্যানইউয়ে থেকে যাওয়াকে স্বাগত জানিয়েছেন ক্লাবটিরই সাবেক তারকা ডেভিড বেকহাম। ম্যানইউর মতো ক্লাব ছাড়া রুনির উচিত হতো না—বেকহাম যখন এই মন্তব্য করছেন, একই সঙ্গে এই প্রশ্নও তাঁকে শুনতে হয়েছে, তবে আপনি কেন ছাড়লেন। ‘আমার পরিস্থিতি ছিল সম্পূর্ণ আলাদা। যদি থেকে যাওয়া সম্ভব হতো, কোনো দিনই ম্যানইউ ছাড়তাম না’—বেকহামের উত্তর। ওয়েবসাইট।