রুনি বন্দনা ব্রিটিশ গণমাধ্যমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞার কবলে পড়ে ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম দুই ম্যাচ ডাগ আউটেই বসে থাকতে হয়েছে ওয়েইন রুনিকে। অবশেষে গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইউক্রেনের বিপক্ষে মাঠে নেমেছিলেন ইংল্যান্ডের এই তারকা স্ট্রাইকার। আর মাঠে নেমেই নিজের অপরিহার্যতা বেশ ভালোভাবেই প্রমাণ করেছেন তিনি। তাঁর গোলেই ইউক্রেনকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট পেয়েছে ইংল্যান্ড। আর রুনির এই রাজকীয় প্রত্যাবর্তনের ভূয়সী প্রশংসা করেছে ইংল্যান্ডের গণমাধ্যম।গতকাল গোটা ম্যাচেই বেশ সরব ছিলেন ওয়েইন রুনি। আর ৪৮ মিনিটে তাঁর করা গোলটিই ছিল ইংল্যান্ডের জয়সূচক একমাত্র গোল। রুনির প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে ডেইলি মেইল তাদের প্রতিবেদনে বলেছে, ‘এভাবেই কাজটা করতে হয়। এরপর আমাদের প্রতিপক্ষ ইতালি। ধন্যবাদ রুনিকে।’ ডেইলি টেলিগ্রাফও রুনির এই ফেরাকে স্বাগত জানিয়ে বলেছে, ‘ইউক্রেনে রুনির সমর্থকরা নিশ্চিতভাবেই খেলাটা উপভোগ করেছে। রুনি যে ফিরছেন তা তিনি ভালোমতোই জানিয়েছেন। আর স্টিভেন জেরার্ডও মাঝমাঠে খুবই কর্তৃত্বের সঙ্গে খেলতে পেরেছেন।’ রুনির উপস্থিতিতে কোয়ার্টার ফাইনালে ইতালির বিপক্ষে ম্যাচটাতেও ইংল্যান্ড অনেক আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারবে বলেও মন্তব্য করেছে বিখ্যাত এই ইংলিশ পত্রিকাটি। রুনির এই গোলটাই হয়তো তার ক্যারিয়ারের সবচেয়ে মধুর মুহূর্ত বলে মত দিয়েছে দ্য টাইমস। পত্রিকাটি তাদের প্রতিবেদনে বলেছে, ‘বিষয়টা শুধু দৃষ্টিনন্দন বা উত্কর্ষতারই না। এটা যেন একটা কল্পনার বাস্তব রূপ আর খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু মনে হয়েছে যেন এটাই রুনির ক্যারিয়ারে সবচেয়ে মধুর গোল।’রুনির প্রত্যাবর্তনটা নিশ্চিতভাবেই ইংল্যান্ড শিবিরে বাড়তি অনুপ্রেরণা জোগাবে। এখন খোদ রুনি দ্বিতীয় রাউন্ডের পরবর্তী ম্যাচে এই পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারবেন কি না—সেটাই দেখার বিষয়।