রুনি বললেন মেসিই বিশ্বসেরা
এ মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার কে কে? অত্যুৎসাহীদের উত্তর হতে পারে—মেসি, মেসি এবং মেসি। লিওনেল মেসির যে পারফরম্যান্স তাতে আসলেই দ্বিতীয়, তৃতীয় কাউকে খুঁজে পাওয়া মুশকিল। তার পরও কেউ কেউ মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রাখছেন ওয়েইন রুনিকে।রুনি নিজে কী বলেন? সোজা-সাপ্টা বলে দিলেন, কোনো প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নেই। ঘোষণা দিয়ে দিলেন, মেসিই এখন বিশ্বসেরা, ‘লোকজন আমাকে এত ওপরে তুলে ফেলছে, এটা শুনতে ভালোই লাগে। কিন্তু আমার ধারণা, মেসিই এখন বিশ্বসেরা ফুটবলার। ও বল নিয়ে যা যা করে সেটা স্রেফ অবিশ্বাস্য। সেই সঙ্গে প্রচুর গোলও করছে।’হোক মেসি বিশ্বসেরা, কিন্তু রুনিও নিশ্চয়ই কম নন। চলতি মৌসুমে ইংলিশ লিগ মাতানো এই ম্যানইউ তারকাকে ঘিরেই বিশ্বকাপ-স্বপ্ন বুনছে ইংলিশরা। কিন্তু সে স্বপ্নে লেগেছে একটা ধাক্কা। বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের ফিরতি পর্বে দ্বিতীয় দফায় ইনজুরিতে পড়া রুনি নতুন করে আবার চোট পেয়েছেন গত বৃহস্পতিবার, দলের অনুশীলনে। এবার চোটটা কুঁচকিতে। অ্যাঙ্কেল আর হাঁটুর চোটের সঙ্গে কুঁচকিতে চোট। এই মৌসুমে ক্লাবের হয়ে আর মাঠেই নামা হবে না তাঁর।বলা হচ্ছে, রুনিকে আসলে ‘আনফিট’ অবস্থাতেই মাঠে নামানো হয়েছিল। এখন প্রশ্ন হলো, কুঁচকির ইনজুরিতে পড়া রুনি বিশ্বকাপেও খেলতে পারবেন কি না।একটু দেরিতে হলেও প্রশ্নটা ভাবাতে শুরু করেছে ফ্যাবিও ক্যাপেলোকে। টেলিগ্রাফ-এর খবর অনুযায়ী ক্যাপেলোর কোচিং স্টাফ রুনির সর্বশেষ পরিস্থিতি জানতে চেয়েছে ম্যানইউ কর্তৃপক্ষের কাছে। সেই সঙ্গে তারা রুনির ইনজুরিকে ঘিরে সৃষ্ট বিতর্কের ব্যাখ্যাও চেয়েছে। এএফপি, ওয়েবসাইট।