রুনি বিক্রির জন্য নন
হোসে মরিনহো সরাসরি বলেননি। কিন্তু সমঝদারদের জন্য তো ইশারাই যথেষ্ট। ওয়েইন রুনির প্রশংসা করছেন মানে আকারে-ইঙ্গিতে আসলে তাঁর প্রতি আগ্রহের কথাই জানিয়েছেন চেলসি কোচ। ডেভিড ময়েসও জবাবটা সরাসরি দিলেন না মরিনহোকে। কিন্তু রুনিকে বিক্রি করার কোনো ইচ্ছেই যে নেই সেটা স্পষ্ট করেই জানিয়ে দিলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ। এএফপি। রুনি দল ছাড়তে চান এটা পুরোনো গুঞ্জন। ইউনাইটেডের দায়িত্ব ছাড়ার আগে স্যার অ্যালেক্স ফার্গুসনই জানিয়ে গিয়েছিলেন, ওল্ড ট্রাফোর্ড ছাড়তে চেয়েছিলেন ইংলিশ স্ট্রাইকার। তাঁকে দলে নিতে আগ্রহী ক্লাবের তালিকায় ছিল চেলসিও। থাইল্যান্ডে প্রাক-মৌসুম সফরে গিয়ে রুনির উচ্ছ্বসিত প্রশংসা করে যেন সেই আগ্রহটাই ইঙ্গিতে জানিয়ে দিলেন মরিনহো। প্রতিপক্ষ কোচের এমন আচরণে হয়তো কিছুটা হতাশ ইউনাইটেডের নতুন কোচ ডেভিড ময়েস। প্রাক-মৌসুম প্রস্তুতিতে তাঁর দলও এখন থাইল্যান্ডে। ব্যাংককে এক সংবাদ সম্মেলনে ময়েস যেন ক্ষোভ ঝাড়লেন রুনিকে পেতে আগ্রহী সবার ওপর, ‘আমার তো মনে হয় না আমি দুর্বোধ্য কিছু বলেছি। রুনি বিক্রির জন্য নয়, এটা আমরা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছি।’রুনির দল ছাড়া নিয়ে চলতে থাকা নানা গুঞ্জনে কিছুটা বিরক্তও ইউনাইটেড কোচ, ‘খেলোয়াড়দের নিয়ে কথাবার্তা হতেই পারে। কিন্তু আমার মনে হয় রুনির ব্যাপারে আমি সবকিছু খোলাসা করেই বলেছি।’