রুনি-মেসিদের সুরক্ষা চান ক্যাপেলো
‘ইনজুরি’ কয়েক দিন ধরে ফ্যাবিও ক্যাপেলোর সুখনিদ্রায় ব্যাঘাত ঘটাচ্ছে। এরই মধ্যে কপালের ভাঁজ বাড়ালেন ওয়েইন রুনি। বায়ার্ন মিউনিখের বিপক্ষে প্রথম লেগেই চোট পেয়েছিলেন ইংল্যান্ডের বিশ্বকাপের মূল ভরসা। ক্যাপেলোর সেই বাজির ঘোড়া ফিরতি লেগেও চোট পেয়ে আপাতত মাঠের বাইরে। ফুটবলের বড় মঞ্চে রুনির ভাগ্যবিড়ম্বনার অতীত দৃষ্টান্তই ক্যাপেলোকে বেশি ভাবাচ্ছে। ২০০৪ ইউরো চ্যাম্পিয়নশিপে রুনির মেটাটারসাল ভেঙে গিয়েছিল। গত বিশ্বকাপে পর্তুগালের বিপক্ষে তো এই স্ট্রাইকার মাঠ ছেড়েছেন লাল কার্ড দেখে।ইংল্যান্ডের ইতালিয়ান কোচ তাই এখন থেকেই উচ্চকিত। রুনির মতো তারকা খেলোয়াড়দের প্রতি আগামী বিশ্বকাপে রেফারিদের বাড়তি মনোযোগ দেওয়ার দাবি জানিয়েছেন ক্যাপেলো। পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো আর আর্জেন্টিনার লিওনেল মেসিরা যাতে প্রতিপক্ষের ইচ্ছাকৃত মারাত্মক ফাউলের শিকার না হন এ ব্যাপারে ফিফাকে আগাম সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।এ বছরের গোড়ায় ক্যাপেলো আর তাঁর সহকারী ফ্রাঙ্কো বালদিনি ফিফার রেফারি প্রধান হোসে মারিয়া গার্সিয়ার সঙ্গে দেখাও করেছেন বলে জানিয়েছে ইংলিশ দৈনিক ডেইলি মেল। সুনির্দিষ্ট এক খেলোয়াড়ের প্রতি ফিফা বাড়তি মনোযোগ দিলে পক্ষপাতিত্বের অভিযোগ উঠতে পারে ভেবেই রুনির পাশাপাশি মেসি-রোনালদোর নামও এসেছে ক্যাপেলোর মুখে।ইংল্যান্ড কোচকে গার্সিয়া আশ্বস্ত করেছেন বলেই জানিয়েছেন ফিফার সূত্র, ‘ফিফার রেফারিদের প্রধান একমত হয়ে বলেছেন, বিশ্বের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড়দের সুরক্ষায় সব রকম চেষ্টাই করা হবে।’ ক্যাপেলো আশাবাদী, রেফারিরা এমনটাই করবেন, ‘ওয়েইন রুনি ভালো করেই জানে দক্ষিণ আফ্রিকার মাহাত্ম্য তার কাছে কতটা। রেফারিরাও নিশ্চয়ই তা জানে।’ ফিফার সতর্ক হওয়ারই কথা। গত বিশ্বকাপ ফাইনালটাই তো একটা উদাহরণ। মার্কো মাতেরাজ্জি যে ম্যাচে শুরু থেকে জিনেদিন জিদানকে লক্ষ্যবস্তু বানিয়ে খুঁচিয়ে গেছেন। শেষ পরিণতি জিদানের ঢুঁশ খেয়ে তাঁর পপাত ধরণীতল, আর লাল কার্ড দেখে জিদানের শিরোপাস্বপ্নের জলাঞ্জলি। রুনিও প্ররোচনার শিকার হয়ে গতবার কোয়ার্টার ফাইনালে লাল কার্ড দেখেছেন বলে ইংলিশদের বিশ্বাস।ক্যাপেলোর ধারণা, তখনকার ২০ বছর বয়সী রুনি আর এখনকার ২৪ বছর বয়সী স্ট্রাইকারের অনেক তফাত্। রুনি এখন অনেক পরিণত। নিশ্চয়ই বোকার মতো মেজাজ হারিয়ে ফেলবেন না। তবে জিদান-মাতেরাজ্জি ঢুঁশ-কাণ্ডের মতো লজ্জা যাতে এবার যোগ না হয় সে ব্যাপারে মিডিয়াকেও একটা ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ক্যাপেলো।ক্যাপেলোর অনুরোধ করার কোনো দরকার ছিল না। বরাবরই দলের দ্বাদশ খেলোয়াড়ের ভূমিকায় থাকা ইংলিশ মিডিয়া এখন থেকেই সোচ্চার, রুনি এবার বিশ্বকাপে প্রতিপক্ষের অন্যায় আক্রমণের শিকার হতে পারেন।মত, দর্শন এবং কার্যপদ্ধতিতে ক্যাপেলোর সঙ্গে বাকি ৩১ দলের কোচের হয়তো বিস্তর অমিল। কিন্তু এই এক জায়গায় সবাই ক্যাপেলোর সঙ্গী। সবাই-ই চান, নিজ নিজ দলের ‘রুনি’টাকে যেন বাড়তি সুরক্ষা দেওয়া হয়। ওয়েবসাইট।