রুনি ‘একজন মানুষ’
ফর্ম নেই। বাইরের নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক নষ্ট করেছে ঘরের সুখ। ক্রমেই আলগা হচ্ছে স্ত্রী এলিনের সঙ্গে সম্পর্কের সুতো। মাঠ এবং মাঠের বাইরের বিতর্কে জড়িয়ে রুনি পাড়ি দিচ্ছেন দুঃসময়। তবে ইংলিশ স্ট্রাইকার আশাবাদী, মাঠের ফর্ম দ্রুতই ফিরে পাবেন। ফর্ম না হয় ফিরে পাবেন। কিন্তু মাঠের বাইরের বিতর্ক? একটু দেরিতে হলেও নিজের মতো করে এর একটা ব্যাখ্যা দিলেন রুনি। ‘আমি শুধুই একজন মানুষ’—একটা অসহায়ত্বই ফুটে উঠেছে তাঁর মুখে। মানুষ মাত্রই ভুল করে। রুনিও বোঝাতে চাইছেন, মানুষ হিসেবে স্রেফ একটা ভুলই করেছেন তিনি!ভুল বুঝতে পারছেন। এটাও বুঝতে পারছেন, মাঠের ফর্মই মুছে দিতে পারে মাঠের বাইরের বিতর্ক, ফিরিয়ে দিতে পারে সুখ। অনৈতিক গোপন জীবনের একটা ছবি বেরিয়ে পড়ার পর একটা ম্যাচ (এভারটন) খেলা হয়নি তাঁর। কাল সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচটায় তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে অ্যাঙ্কেলের সমস্যায়। তবে আগামী ১২ অক্টোবর ইউরো ২০১২ বাছাইপর্বে মন্টেনেগ্রোর বিপক্ষে ইংল্যান্ড দলে ডাক পেতে যাচ্ছেন আগামীকাল এবং সুযোগ পাচ্ছেন ফর্ম ও বিতর্কের গ্রহণ কাটিয়ে ওঠার।সেই আকুতিই রুনির কণ্ঠে, ‘আমারও খারাপ লাগছে। কিন্তু এখন আমাকে এটা কাটিয়ে উঠতে হবে, যেভাবেই পারি খেলায় ফিরতে হবে। আমি জানি, আমি এর চেয়ে ভালো খেলতে পারি। কাজেই আমি আশাবাদী, দলে ধারাবাহিকভাবে খেলতে পারব। যদি তা পারি, আমি নিশ্চিত আমার সেরা ফর্মেই ফিরব।’‘আপনি যখন আপনার সেরা খেলাটা খেলতে পারবেন না, আপনার প্রয়োজন স্রেফ খেলাটা চালিয়ে যাওয়া এবং খুব সাধারণ কিছু করা। আপনার ফর্ম ফিরবেই’—রুনি নিজেই বুঝতে পারছেন নিজেকে ফিরে পেতে কী দরকার। ওয়েবসাইট।