রুনি ‘ফিরতে’ চান কাল থেকেই
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ওয়েইন রুনিকে ফেরাল শূন্যহাতে! ব্যর্থ একটা অভিযান শেষ করে ফিরল ইংল্যান্ড, ব্যর্থ হয়ে ফিরলেন রুনি। এই ব্যর্থতা রুনিকে হয়তো তাড়িয়ে বেড়াবে অনেক দিন। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে পরলেই রুনিকে আবার দেখা যাবে স্বরূপে। ম্যানইউর কোচ অ্যালেক্স ফার্গুসন থেকে শুরু করে তাঁর সতীর্থ আর বন্ধুরা মনে করেন এটাই। জার্মানি ২০০৬ বিশ্বকাপে ইংল্যান্ড-পর্তুগাল ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল রুনিকে। কিন্তু বিশ্বকাপের পর বন্ধু ক্রিস্টিয়ানো রোনালদোকে ম্যানইউ সমর্থকদের রুদ্ররোষ থেকে বাঁচাতে হাত বাড়িয়ে দিয়েছিলেন রুনি। সেই থেকে তাঁদের বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। রোনালদো সম্প্রতি কথা বললেন, রুনির দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ-ব্যর্থতা নিয়েও। ‘ওয়েইন খুব চেষ্টা করেছে। কিন্তু সে একা তো আর খেলতে পারবে না। তবে ব্যাপার হচ্ছে, যখন কোনো বড় খেলোয়াড় ভালো খেলে কিন্তু গোল পায় না; তখন সবাই তাকেই দোষ দেয়। কিন্তু ওয়েইন সত্যি বড় খেলোয়াড় এবং ও শিগগিরই ভালো খেলতে শুরু করবে’—বলেছেন রোনালদো।রুনির পাশে দাঁড়িয়েছেন তাঁর সাবেক ইংল্যান্ড এবং বর্তমানের ম্যানইউ সতীর্থ মাইকেল ওয়েনও। বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে রুনি সতেজ হয়ে এসেছেন, শিগগিরই তাঁর আসল রূপ দেখতে পাবে সবাই—ওয়েনের বিশ্বাসটা এমনই। রুনির ম্যানইউর গুরু ফার্গুসন তো সেই বিশ্বকাপ চলাকালেই দাঁড়িয়েছেন প্রিয় শিষ্যের পাশে। বিশ্বকাপের সময়েই তিনি বলেছেন, ‘চাপই রুনিকে ওর খেলাটা খেলতে দিচ্ছে না।’ বিশ্বকাপ শেষে ব্যাখ্যা করেছেন রুনির ওপর চাপের কারণ, ‘ওয়েইনকে নিয়ে কথা হচ্ছিল ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হবে। কথা হচ্ছিল লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোদের ছাপিয়ে যাবে ও। এটা তো বড় চাপই।’এই চাপ রুনি জয় করতে পারেননি। তবে এই বিশ্বকাপ থেকে নিয়ে আসা অভিজ্ঞতা রুনিকে আগামী বিশ্বকাপে ভালো খেলতে সাহায্য করবে বলে মনে করেন ফার্গুসন। তাঁর বিশ্বাস, চাপ আর ব্যর্থতা ভুলে রুনি ম্যানইউতে ফিরবেন স্বরূপে। রুনি নিজেও তাঁর সেরা ফর্মে ফেরার জন্য উন্মুখ হয়ে আছেন। ‘সব ভুলে আমি ম্যানইউর হয়ে ভালো খেলায় মন দিতে চাই’—বলেছেন রুনি। আগামীকাল থেকেই তিনি ফিরতে চান। এদিন চেলসির বিপক্ষে ইংলিশ মৌসুমের সূচনা ম্যাচ কমিউনিটি শিল্ডে চেলসির মুখোমুখি হবে ম্যানইউ। আর ম্যানইউর লিগ শুরু হচ্ছে ১৬ আগস্ট থেকে, নিউক্যাসল তাদের প্রথম লিগ প্রতিপক্ষ। এএফপি, ওয়েবসাইট।