রুনিকে ইব্রার ডাক
এডিনসন কাভানি আছেন, আছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। এরপর যদি ওয়েইন রুনি আসেন, তাহলে একটু বেশি বেশিই হয়ে যায় না! কিন্তু ইব্রাহিমোভিচ সে রকম মনে করেন না। তাই রুনিকে ডাকছেন পিএসজিতে চলে আসতে!
গত দলবদলের মৌসুমেই শোনা যাচ্ছিল রুনির ক্লাব ছাড়ার গুঞ্জন। চেলসির সঙ্গে পিএসজির নামটাও শোনা যাচ্ছিল। ক্লাব ছাড়তে আগ্রহী হয়ে উঠেছিলেন রুনিও। কিন্তু তাঁকে ছাড়তে রাজি ছিলেন না ইউনাইটেড কোচ ডেভিড ময়েস। শেষ পর্যন্ত রুনি থেকে গেছেন ইউনাইটেডেই। তাঁকে না পেয়ে স্যামুয়েল ইতোকে নিয়েছে চেলসি। ইব্রা অবশ্য এখনো আশা দেখছেন রুনিকে পাওয়ার, ‘রুনির প্যারিসে আসা নিয়ে যখন কথা হচ্ছিল, তখন খুবই রোমাঞ্চিত হয়েছিলাম। আমার মনে হয় এই গ্রীষ্মেই সে পরিষ্কার করে দিয়েছে যে একটা নতুন চ্যালেঞ্জ চায়। আর ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য মৌসুমটা খুব ভালো যাচ্ছে না। যদি সে পরের গ্রীষ্মে বা জানুয়ারিতে ক্লাব ছাড়তে চায়, তাহলে আমি ওকে প্যারিসে আসার জন্য জোর করব। আর এই ক্লাবটা এখন উন্নতির পথেই আছে।’
কিন্তু ইব্রার এই রুনিপ্রীতির কারণ কী? সেটা বলতে গিয়ে নিজের ঢোলটাও একটু পিটিয়ে নিয়েছেন পিএসজির এই সুইডিশ স্ট্রাইকার, ‘এখানে এলে সে বুঝতে পারত জ্লাতান তার চেয়েও ভালো গোল করে। কিন্তু আমি শুধু গ্রেট খেলোয়াড়ের সঙ্গে খেলতে চাই না, আমি টেকনিক্যালি সেরাদের সঙ্গে খেলতে চাই। আর সে এমনই একজন। আপনি টেকনিক্যালি ভালো হওয়ার জন্য অনেক কিছু করতে পারেন, কিন্তু এটা এমন কিছু যা শেখানো যায় না। এটা আপনার মধ্যে থাকতে হবে। রুনির সেটা আছে।’
রুনি কি ইব্রার ডাক শুনেছেন? ওয়েবসাইট।