রুনিকে চান না লিনেকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করেই যেন ইংলিশ সাবেকরা ‘রুনি-বিদ্বেষী’ হয়ে উঠেছেন!
বয়স সবে ২৮ পেরিয়েছে। কিন্তু ওয়েইন রুনির এই বয়সটাই বেশি মনে হচ্ছে পল স্কোলস আর গ্যারি লিনেকারদের কাছে। তাঁদের ধারণা, সেরা সময়টা রুনি পেছনে ফেলে এসেছেন। অথচ ব্রাজিল বিশ্বকাপে ইউনাইটেড স্ট্রাইকারকে ঘিরেই স্বপ্ন দেখছেন অনেক ইংলিশ সমর্থক। রুনির ওপর আস্থা রাখছেন কোচ রয় হজসনসহ সতীর্থরাও। কিন্তু স্কোলস-লিনেকাররা সেই দলে ভিড়তে রাজি নন মোটেও!
কিছুদিন আগে রুনিকে এই তারুণ্যনির্ভর ইংল্যান্ড দলে বেমানান বলেছিলেন স্কোলস। এবার অনেকটা একই সুর লিনেকারের মুখে৷ তাঁর পরামর্শ, দরকার হলে হজসন যেন রুনিকে একাদশ থেকে বাদ দিতে দ্বিধা না করেন!
বিশ্বকাপ ঘিরে রুনির স্মৃতি সুখকর নয়। এ পর্যন্ত দুটি বিশ্বকাপে আট ম্যাচ খেলে গোলের খাতাই খুলতে পারেননি! এই আক্ষেপ ব্রাজিল বিশ্বকাপে ঘোচাতে পারবেন রুনি? তাঁর একসময়ের ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ স্কোলস তো কয়েক দিন আগে স্পষ্ট করেই বলেছেন, এই বয়সে রুনির পক্ষে খুব বেশি কিছু করা সম্ভব নয়। স্কোলসের এমন মন্তব্যে চটে গিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক স্টিভেন জেরার্ডও। পাল্টা জবাব দিয়ে বলেছিলেন, ‘স্কোলসের ধারণা ভুল। রুনি সেরাটা দিতে প্রস্তুত।’
স্কোলসের মতো রুনি সম্পর্কে একই ধারণা লিনেকারেরও। সাবেক বার্সেলোনা ও টটেনহাম স্ট্রাইকার মনে করেন, রুনির জায়গায় দুর্দান্ত ফর্মে থাকা লিভারপুল স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজই হজসনের প্রথম পছন্দ হওয়া উচিত। তাঁর কথা, ‘প্রতিপক্ষের রক্ষণভাগে গিয়ে আতঙ্ক তৈরি করা খুব গুরুত্বপূর্ণ। রুনি সেটি করতে পারছে না। স্টারিজ এই কাজটা করতে পারে।’
স্ট্রাইকার হিসেবে না খেললেও আক্রমণভাগের অন্য যেকোনো জায়গায় খেলার সামর্থ্য রাখেন রুনি। তবে লিনেকার বলছেন, ‘আমাদের হাতে সব ধরনের খেলোয়াড় আছে।’
রুনিকে আসলে ইংল্যান্ড একাদশে দেখতেই চাইছেন না লিনেকার! ওয়েবসাইট।