রুনিকে নিয়ে নাটক
জমে উঠেছে ‘ওয়েইন রুনি নাটক’। সময়ের সঙ্গে জটিল থেকে শুধু জটিলতরই হচ্ছে চিত্রনাট্য। ওয়েইন রুনিকে চায় চেলসি। কাল রীতিমতো বিবৃতি দিয়ে লন্ডনের ক্লাবটি জানিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকারের জন্য লিখিত প্রস্তাব দেওয়ার কথা। তবে ম্যানচেস্টার ইউনাইটেডও জানিয়ে দিয়েছে রুনি ‘বিক্রয়ের জন্য নয়’। যদিও এটা স্পষ্ট হয়ে উঠেছে, ইউনাইটেডে একেবারেই সুখী নন রুনি। এমনিতেই নিজে থেকেই ক্লাব ছাড়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। এরপর পরশু শুনলেন নতুন কোচ ডেভিড ময়েস বলেছেন, আগামী মৌসুমে খেলতে হবে রবিন ফন পার্সির বদলি হিসেবে। ময়েসের এই কথা শুনে রেগে কাই রুনি। ইংলিশ স্ট্রাইকারের ঘনিষ্ঠজনেরাই জানিয়েছেন এটি। রুনির জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া ঘটা করে জানিয়ে দেওয়াটা ব্যতিক্রমীই। চেলসি তা অকারণে করেনি। ব্রিটিশ সংবাদমাধ্যমে খবর এসেছিল, রুনির জন্য ১ কোটি পাউন্ডের প্রস্তাব দিয়েছে চেলসি, সঙ্গে ডেভিড লুইজ বা হুয়ান মাতার যেকোনো একজনকেও দিতে রাজি ক্লাবটি। চেলসি জানিয়ে দিয়েছে, কোনো খেলোয়াড়কে বিনিময় করার কোনো ইচ্ছেই তাদের নেই। এএফপি।