রুনিকে নিয়ে রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মার্চ মাসে ফুটবল ওয়েবসাইট গোল ডটকমে একটি খবর বেরিয়েছিল। ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ওয়েইন রুনি নাকি তাঁর সতীর্থদের বলেছেন, আগামী মৌসুমে তিনি আর ওল্ডট্র্যাফোর্ডে থাকছেন না। রুনির ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার গুঞ্জনটি অবশ্য ডালপালা মেলেছে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচটি থেকে। ‘ট্যাকটিক্যাল’ কারণ দেখিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ স্যার আলেক্স ফার্গুসন রুনিকে ওই ম্যাচে একাদশের বাইরে রেখেছিলেন। ব্যাপারটি মেনে নিতে না পেরেই নাকি রুনি ওল্ডট্র্যাফোর্ড ছাড়ার ব্যাপারটি ভাবছিলেন।২৭ বছর বয়সী এই তারকার সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৫ সালে। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে আগেভাগেই দল পরিবর্তন করতে চাইছেন রুনি। ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়লে রুনির পরবর্তী গন্তব্য নাকি হতে যাচ্ছে প্যারিস সেন্ট জার্মেইঁ। এদিকে, পিএসজির কোচ কার্লো আনচেলত্তি অবশ্য রুনির প্যারিসে আসার ব্যাপারটি একপ্রকার নাকচই করে দিয়েছেন। তাঁর মতে, ম্যানচেস্টার ইউনাইটেডের ‘আইকন’ ওয়েইন রুনিকে দলে ভেড়ানো অত সোজা নয়।তাঁর মতে, ওয়েইন রুনির মতো ফুটবলারকে দলে ভেড়ানো পিএসজির জন্য রীতিমতো অসম্ভব।পিএসজি অবশ্য আনুষ্ঠানিকভাবে ওয়েইন রুনিকে দলে ভেড়ানোর প্রচেষ্টার ব্যাপারটি স্বীকার করেনি। দলের ফুটবল পরিচালক, সাবেক ব্রাজিলীয় তারকা লিওনার্দো এবং পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি রুনির প্যারিসে আসার বিষয়টি উড়িয়েই দিয়েছেন।তবে রহস্য তৈরি করছে পিএসজির সাবেক উপদেষ্টা মিচেল মউলিনের কথাবার্তা। বর্তমানে ফ্রান্সের বিখ্যাত ক্রীড়াবিষয়ক সাময়িকী ‘লে ১০ স্পোর্তের’ সম্পাদক মউলিন দাবি করেছেন, রুনির ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পিএসজিতে আসার বিষয়টি রীতিমতো কাগজে-কলমে চূড়ান্ত হয়ে গেছে। রুনি এখন অপেক্ষায় আছেন মৌসুম শেষের।এখন সত্যিই রুনি পিএসজিতে যাচ্ছেন কি না, সেটা জানতে হয়তো অপেক্ষায় থাকতে হবে আরও কিছুদিন।