রুনিকে নিয়ে নামছে ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তোমার হলো শুরু, আমার হলো সারা।’ এ গানটাই হয়তো উল্টো করে গাইতে পারেন রুনি, ‘তোমার হলো সারা, আমার হলো শুরু।’ পোল্যান্ড, রাশিয়া, হল্যান্ড, ডেনমার্ক ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। গতকাল রাতে বিদায়ঘণ্টা বেজেছে আরও দুটি দলের। বিদায়ের এই ক্ষণে দাঁড়িয়েই ওয়েইন রুনি ইউরোর মিশন শুরুর প্রতীক্ষায়।গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ ইংল্যান্ডের প্রতিপক্ষ সহস্বাগতিক ইউক্রেন। দানেৎস্কের এই ম্যাচ দিয়েই মাঠে নামছেন নিষেধাজ্ঞার কারণে প্রথম দুই ম্যাচ দর্শক হয়ে কাটিয়ে দেওয়া রুনি। মাঠে নামতে উদগ্রীব; তবে একটা প্রশ্নও সঙ্গে নিয়ে ফিরছেন রুনি, তিনি কি পারবেন অতীতের হতাশা মুছে নিতে? সাজানো মঞ্চই পাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার। ৪ পয়েন্ট ইংল্যান্ডের। আজ ড্র হলেই হজসনের দল উঠে যাবে কোয়ার্টার ফাইনালে। তবে রুনি বলছেন ড্র নয়, জয়ের লক্ষ্য নিয়েই তাঁরা নামবেন মাঠে।অতীতের ব্যর্থতা মুছে দেওয়ারও প্রতিশ্রুতি দিচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার। জাতীয় দলের জার্সিতে রুনি সর্বশেষ বড় টুর্নামেন্টে গোল করেছিলেন ২০০৪ ইউরোতে। ২০০৮ ইউরোতে ইংল্যান্ড খেলার ছাড়পত্রই পায়নি। ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে পূর্ণ করেন ব্যর্থতার ষোলকলা। হতাশার ওই স্মৃতি পোড়াচ্ছে বলেই কি না রুনি বলছেন, ‘আমার মনে আছে, টুর্নামেন্টে আমার সর্বশেষ গোল ২০০৪ ইউরোতে। কিন্তু আমার মনে হয়, এখন আমি আরও ভালো খেলোয়াড়, আরও বেশি দক্ষ। আমি আশা করছি, মঙ্গলবারই খেলব এবং গোল করব।’ রুনিকে পেয়ে উজ্জীবিত ইংল্যান্ড। অন্যদিকে বাঁচা-মরার লড়াইয়ের আগে ইউক্রেন শিবিরে শেভচেঙ্কো-শঙ্কা। কোয়ার্টার ফাইনালে উঠতে হলে ৩ পয়েন্ট হাতে থাকা ইউক্রেনকে আজ জিততেই হবে। অন্যথা হলেই আরেক সহস্বাগতিক পোল্যান্ডের মতো বিদায় নিতে হবে গ্রুপ পর্ব থেকেই। অথচ গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের সবচেয়ে বড় তারকা ও অধিনায়ক আন্দ্রে শেভচেঙ্কোর মাঠে নামা অনিশ্চিত। সুইডেন ম্যাচে দুই গোল করা শেভচেঙ্কো ফ্রান্স ম্যাচে চোট পেয়েছেন হাঁটুতে। ব্যথানাশক নিচ্ছেন। কিন্তু কোচ ওলেগ ব্লোখিন তাতে সংশয়মুক্ত হতে পারছেন না।ইউক্রেনের আরেক ‘জুজু’র নাম দানেৎস্কের ‘ডনবাস অ্যারেনা’ স্টেডিয়াম। এখানে ছয় ম্যাচ খেললেও কখনো জিততে পারেনি ইউক্রেন। হেরেছে চারটিতেই। ইংল্যান্ড শিবিরেও আছে সমস্যা। হ্যামস্ট্রিং চোটের কারণে থিও ওয়ালকটকে নিয়ে দেখা দিয়েছে সংশয়। হজসনের একটা ‘মধুর’ সমস্যাও আছে। রুনি ফেরায় শুরুর একাদশ থেকে ড্যানি ওয়েলবেক ও অ্যান্ডি ক্যারলের যেকোনো একজনকে ছিটকে পড়তে হবে। সুইডেন ম্যাচে গোল করেছেন দুজনই। শেষ পর্যন্ত হয়তো ক্যারলেরই কপাল পুড়বে। কারণ একই ক্লাবে খেলায় রুনির সঙ্গে ওয়েলবেকের বোঝাপড়াটা দারুণ। এএফপি, রয়টার্স।