রুনিকে নিয়ে ফার্গির আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েইন রুনিকে নিয়ে আজ মনে মনে একটা দারুণ চিত্রনাট্য সাজিয়ে রেখেছেন অ্যালেক্স ফার্গুসন। না, রুনিকে ধরাবাধা কোনো গোলের লক্ষ্য বেঁধে দেননি। রুনি একটা গোল করুন কিংবা হ্যাটট্রিক, ফার্গুসন চান, আজ যেন ম্যাচের নায়ক হতে পারেন এই স্ট্রাইকার। তাঁর গোলই যেন গড়ে দেয় ম্যাচের ভাগ্য। আজ যে রুনির সামনে জর্জ বেস্টকে ছুঁয়ে ফেলার হাতছানি! ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে ১৭৮ গোল করেছেন রুনি। ইংলিশ ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রুনি রয়েছেন ছয়ে। আজ একটি গোল করলেই ছুঁয়ে ফেলবেন বেস্ট আর ডেনিস ভায়োলেটের মতো ক্লাব কিংবদন্তিদের। সামনে থাকবেন কেবল জ্যাক রাউলি (২১১), ডেনিস ল (২৩৭) এবং স্যার ববি চার্লটন (২৪৯)। রুনির বয়স এখন ২৬। ম্যানইউর হয়ে আট বছর খেলেছেন, আরও কমপক্ষে আট বছর খেলবেন বলেই আশা ফার্গুসনের। ক্যারিয়ার এখানেই শেষ করবেন; এবং বিদায়ের সময় ম্যানইউর সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি থাকবে তাঁর নামের পাশে!আগের মৌসুমেই ম্যানইউ ছাড়তে মরিয়া হয়ে ওঠা রুনিকে নিয়ে এমনই স্বপ্ন দেখছেন কোচ, ‘সব ধরনের রেকর্ড ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট সময় ও পাবে। ববি কয়টা গোল করেছিলেন? ২৪৯? সেই রেকর্ড রুনির ভেঙে দেওয়ার সব সুযোগই আছে, তা নয় কি? ও ঠিক পথেই আছে। আমি নিশ্চিত, ও পারবে। চতুর্থ স্থানে উঠে আসাটাও দুর্দান্ত। এটা তো হচ্ছেই, আশা করি রোববারেই (আজ) হয়ে যাবে।’ গত মৌসুমের ব্যর্থতা-বিতর্ক (৪০ ম্যাচে ১৬ গোল) এবার ধুয়েমুছে ফেলেছেন। ৪০ ম্যাচে করেছেন ৩১ গোল। ফার্গুসনের দৃঢ় বিশ্বাস, এমন ধারাবাহিকতা রুনির থাকবে। চার্লটনের রেকর্ড ভাঙতে আরও ৭১টি গোল প্রয়োজন। ফার্গির ধারণা, রুনির সর্বোচ্চ তিনটি মৌসুম লাগবে তা ভাঙতে। এভারটনের সঙ্গে ম্যাচের আগে রুনি-বন্দনায় মেতে উঠেছেন ফার্গুসন। ওদিকে অ্যাশলি ইয়াংকে ভর্ৎসনা করেছেন ঘন ঘন ডাইভ দেওয়ার জন্য। তবে এক ফাঁকে এ-ও বলেছেন, এভারটন সব সময় ম্যানইউর জন্য বড় হুমকি। ওল্ড ট্রাফোর্ডে খেলা হলেও আজকের ম্যাচে তিনি ভীষণ সতর্ক। রবার্তো মানচিনি অবশ্য বলছেন, এই ম্যাচে ম্যানইউ হারলেও ম্যান সিটির কোনো লাভ হবে না। লিগ শিরোপার আশা তিনি আর করেনই না। লিগে ৪ ম্যাচ বাকি। ম্যানইউ এগিয়ে ৫ পয়েন্টে। ম্যানইউ আজ যদি হারে, আর সিটি যদি উলভারহ্যাম্পটনের বিপক্ষে জয় তুলে নেয়, ব্যবধান কমে আসবে দুইয়ে। মানচিনি যা-ই বলুন, এমনটা হলে শেষ প্রান্তে এসে দারুণ জমে উঠবে ইংলিশ প্রিমিয়ার লিগ। ইতালিয়ান লিগ অবশ্য জমজমাট অনেক দিন ধরেই। এক আর দুই নম্বর দলের মধ্যে মাত্র এক পয়েন্টের ব্যবধান। আজ বোলোনিয়ার বিপক্ষে আগে মাঠে নামছে বলে এসি মিলানের সামনে সুযোগ থাকছে শীর্ষে উঠে যাওয়ার। এরপর তারা প্রার্থনা করবে, জুভেন্টাসকে যেন রুখে দেয় রোমা। এই ম্যাচ ড্র হলেও লাভ হবে মিলানের। এএফপি, রয়টার্স।