রুনিকে পেতে চেলসির নতুন 'টোপ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনাইটেড ছাড়ছেন রুনি?
ইউনাইটেড ছাড়ছেন রুনি?

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের ত্রাহি অবস্থা নিয়ে নতুন করে বলার কিছু নেই। গত মৌসুমে শিরোপাজয়ী দলটাই এবার ডেভিড ময়েসের অধীনে রীতিমতো খাবি খাচ্ছে! গত রাতে বিদায় নিয়েছে এফএ কাপের মঞ্চ থেকেও। দলের এমন দুর্দশার মধ্যেই ক্ষণে ক্ষণে চাউর হচ্ছে, ওল্ডট্রাফোর্ড ছাড়ছেন দলের অন্যতম প্রধান অস্ত্র ওয়েইন রুনি!
রুনিকে ছোঁ মারতে বহুদিন ধরেই ওত পেতে রয়েছে চেলসি। যদিও গত গ্রীষ্মে রুনিকে স্ট্যামফোর্ড ব্রিজে ভেড়াতে ব্যর্থ হয় ‘ব্লু’ কর্তৃপক্ষ। তবে মৌসুম শেষে রুনির ‘দখল’ নিতে, আটঘাট বেঁধেই নেমেছে তারা। ইউনাইটেড তারকাকে নিজেদের করতে ৩০ মিলিয়ন পাউন্ডের টোপ ফেলেছে চেলসি। অর্থাত্ রুনিকে পেতে এ পরিমাণ অর্থ ঢালতে রাজি তারা।
কিন্তু চেলসি চাইলেই তো হবে না, স্ট্যামফোর্ড ব্রিজে যাওয়ার ইচ্ছাটা রুনির তরফেও থাকতে হবে। সেই সঙ্গে আছে ইউনাইটেডের ছাড়পত্রের প্রশ্নও। ইউনাইটেড কর্তৃপক্ষ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে তাঁকে ধরে রাখতে। এত সব বাধা পেরিয়ে রুনিকে পেলে হাতে চাঁদই আসবে হোসে মরিনহো বাহিনীর।
বাতাসে গুঞ্জন, আগস্ট থেকেই নাকি রুনি ‘রেড ডেভিল’দের ডেরা ছাড়তে তত্পরতা চালাচ্ছেন। ওদিকে ব্লুদের কোচ হোসে মরিনহো চিলের দৃষ্টি করেছেন রুনির দিকে। রাখঢাক না রেখে জনসমক্ষেই বলছেন, ইউনাইটেড স্ট্রাইকারই মধ্য মৌসুম দলবদলে তাঁর ১ নম্বর লক্ষ্য!