রুনিকে বাদ দেননি ময়েস
স্যার অ্যালেক্স ফার্গুসনের কথা বলতে গিয়ে তিনি বিনয়ে বিগলিত। পূর্বসূরির কাছে যেন কৃতজ্ঞতার শেষ নেই ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান কোচ ডেভিড ময়েসের। অথচ সেই ময়েসই ওয়েইন রুনির প্রসঙ্গ তোলায় রেগে আগুন। রুনির দলবদল নিয়ে অযথা গুঞ্জন ছড়ানোর কারণে সংবাদমাধ্যমকেও একহাত নিলেন ইউনাইটেড কোচ।পরশু ওয়েম্বলি স্টেডিয়ামে উইগানকে হারিয়ে মৌসুমসূচক কমিউনিটি শিল্ড জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ময়েসের অধীনে ইউনাইটেডের প্রথম শিরোপা। যদিও পরে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইউনাইটেড কোচ এর পুরো কৃতিত্বই দিলেন তাঁর পূর্বসূরিকে, ‘হয়তো এখন আমি কোচ, কিন্তু এই শিরোপা গত মৌসুমে স্যার ফার্গুসনের অধীনে প্রিমিয়ার লিগ জয়ের ফসল এবং এর জন্য আমি খুব বেশি কৃতিত্ব নেব না।’উইগানের বিপক্ষে ম্যাচে ওয়েইন রুনি খেলেননি। দলের সঙ্গে নাকি অনুশীলনও করেননি ইংলিশ স্ট্রাইকার। স্বভাবতই তাঁর দলবদলের গুঞ্জনে একটু বাতাস লেগেছে। প্রসঙ্গটি এসেছে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে। তবে এসব গুঞ্জন ছড়ানোর দায়টা উল্টো সংবাদমাধ্যমের ওপরই চাপালেন ইউনাইটেড কোচ, ‘রুনিকে আমি বাদ দিইনি। মূল দলের সঙ্গে অনুশীলন না করে অতিরিক্ত দলের সঙ্গে অনুশীলন করাটা তার সিদ্ধান্ত ছিল। ও চাইছিল শরীর বাঁচিয়ে চলতে, ওর তো কাঁধে চোট।’ এএফপি।