রুনিকে ভয় শেভচেঙ্কোর
এবারের ইউরোয় এ পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে ইংল্যান্ড। নিষেধাজ্ঞার কারণে দুটিতেই খেলতে পারেননি তারকা স্ট্রাইকার ওয়েইন রুনি। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী মঙ্গলবার ইউক্রেনের বিপক্ষে ম্যাচে ফিরবেন তিনি।রুনির ফেরা ইংল্যান্ডের জন্য বড় একটা সুখবর, বলার অপেক্ষা রাখে না। কিন্তু প্রতিপক্ষ ইউক্রেনের জন্য? ইউক্রেনের আক্রমণ-ভাগের নেতৃত্বে থাকা আন্দ্রেই শেভচেঙ্কো কোনো রাখডাক না করে জানিয়ে দিয়েছেন, ম্যানচেস্টার ইউনাইটেড তারকা রুনিকে নিয়েই যত ভয় তাঁর!‘আমি জানি, রুনি ভালো খেলোয়াড়। দলের চেহারাটাই বদলে দিতে পারে ও। রুনি খেললে কী ঘটে, এটাই এখন দেখার অপেক্ষা। এর ওপর এক মাস ধরে দলের বাইরে রুনি’—গোল ডটকমকে বলেছেন ৩৫ বছর বয়সী শেভচেঙ্কো।রুনিকে নিয়ে নিজেদের আশঙ্কা প্রকাশ করে ইংল্যান্ডকে নিয়েও কথা বলেছেন শেভচেঙ্কো, গোটা ইংল্যান্ড দলটাই ভালো। কর্নার ও ফ্রি-কিকে দলটি ভয়ংকর। সন্দেহ নেই, ইউরোর সবচেয়ে ভয়ংকর দলগুলোর অন্যতম ইংল্যান্ড। ওরা ফ্রান্সের সঙ্গে ভালো খেলেছে, সুইডেনকে হারিয়েছে। সব মিলিয়ে শুরুটা দারুণ হয়েছে ইংল্যান্ডের।এখন পর্যন্ত ‘ডি’ গ্রুপে শীর্ষে ফ্রান্স। দলটির অর্জন ৪ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের অবস্থান দ্বিতীয়। তৃতীয় স্থানে থাকা ইউক্রেনের অর্জন ৩ পয়েন্ট। কোয়ার্টার ফাইনালে যেতে হলে তাই ইংল্যান্ডকে হারানোর বিকল্প নেই প্রতিযোগিতার সহ-আয়োজক ইউক্রেনের। সেই সম্ভাবনাও দেখছেন শেভচেঙ্কো, ‘এখনো আমাদের সুযোগ রয়েছে। আমরা জানি, ইংল্যান্ডকে হারাতে পারলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে আমাদের।’শেভচেঙ্কো বলেন, ‘ঘরোয়া কন্ডিশন আমাদের বেশ সহায়তা করে। অবশ্য এতে কিছুটা চাপও থাকে। আশা করছি, সমর্থকেরা আমাদেরকে সমর্থন দেবেন। ভালো ফলের প্রত্যাশায় আছি আমরা।’ইংল্যান্ডের বিপক্ষে শেভচেঙ্কোর জন্য অবশ্য আলাদা একটা চ্যালেঞ্জ রয়েছে। ইংলিশ ফুটবলারদের চোখে যে তিনি মোটেও সফল খেলোয়াড় নন! এর কারণ, চেলসির হয়ে শেভচেঙ্কোর দুর্বল পরিসংখ্যান। ৪৮ ম্যাচে অংশ নিয়ে মাত্র ৯টি গোল করার কৃতিত্ব রয়েছে তাঁর। এবার কি তাহলে ইংলিশ সমর্থকদের সামনে নিজেদের প্রমাণ করার চ্যালেঞ্জ? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ইউরোয় ইউক্রেনের প্রথম ম্যাচেই জোড়া গোল করার শেভচেঙ্কোর জবাব, ‘শুনুন, চেলসিতে আমার সময় নিয়ে মোটেই কথা বলতে চাই না আমি। সেটা ছয় বছর আগের কথা। এখন এখানে আছি এবং ইউরোতেই পুরো মনোযোগ দিতে চাই।’