রুনিকে লক্ষ্য বেঁধে দিলেন ফার্গি
সর্বশেষ ৬ ম্যাচে ৯ গোল, যার দুটি সর্বশেষ খেলা ম্যাচটিতেই। পরশু ওয়েইন রুনির দুই গোলেই ওয়েস্টব্রমকে ২-০-তে হারিয়ে শিরোপা প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে টপকে শীর্ষে উঠে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রুনির গোলক্ষুধা যাতে আরও তীব্র হয়, সেই জ্বালানিই যেন দিলেন অ্যালেক্স ফার্গুসন। ম্যানইউ কোচ রুনিকে নিয়ে নিজের আশাটাকে বাঁধলেন উঁচু তারে। বললেন, তাঁর আশা ম্যানইউর শিরোপা ধরে রাখার পথে মৌসুমে রুনি করবেন ৪০ গোল।পরশুর দুই গোল নিয়ে মৌসুমে এ পর্যন্ত রুনির গোল হয়ে গেল ২৬টি (লিগেই ২০টি)। আর ৮টি হলেই ইংলিশ তারকা ছুঁয়ে ফেলবেন এক মৌসুমে নিজের সর্বোচ্চ গোলের রেকর্ড। ২০০৯-১০ মৌসুমে ক্যারিয়ার-সর্বোচ্চ ৩৪ গোল করেছিলেন। নিজের ওই রেকর্ডটি এবার হুমকির মুখে। লিগে এখনো ১০ ম্যাচ বাকি। ম্যানইউ এখনো টিকে আছে ইউরোপা লিগে। যদিও প্রথম লেগে ঘরের মাঠে ৩-২ গোলের হারে বলা যায় না শেষ ষোলোতেও শেষ হয়ে যেতে পারে দৌড়, তার পরও দলটি ফার্গুসনের বলেই শেষ বলে দেওয়া যাচ্ছে না।রুনির দুর্দান্ত ফর্মও শেষ বলতে দিচ্ছে না। ইউরোপা লিগের গত ম্যাচটি দল হারলেও দলের দুটি গোলই করেছিলেন রুনি। স্প্যানিশ প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে দ্বিতীয় লেগ খেলতে যাওয়ার আগে ফার্গি রুনিকে তাতিয়ে রাখছেন ৪০ গোলের কথা বলে, ‘তার ৪০ গোল পাওয়ার চেষ্টা থাকলে আমি অবশ্যই উচ্ছ্বসিত হব। তাহলে আমাদের অবস্থাও ভালো থাকবে।’ফার্গির পরের বক্তব্যেই পরিষ্কার, লিগ শিরোপাতেই দৃষ্টি তাঁদের। এবার ম্যানইউ-ম্যান সিটির মধ্যে লিগ শিরোপার লড়াইটা শুরু থেকেই জমজমাট। প্রথম চার ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট ছিল সমান ১২ করে। সপ্তম রাউন্ড পর্যন্তও শীর্ষে ছিল ম্যানইউ। কিন্তু অষ্টম রাউন্ডে এসে ম্যানইউকে টপকে এক নম্বরে উঠে যায় সিটি। সেই থেকে এক নম্বর জায়গাটা ধরেই রেখেছিল মানচিনির দল। কিন্তু পরশু সোয়ানসি সিটির কাছে ম্যান সিটির হারের পাশাপাশি ওয়েস্টব্রমের বিপক্ষে জয় ম্যানইউকে আবার শীর্ষে তুলে দিয়েছে। যদিও সিটি আছে নিঃশ্বাসদূরত্বে। ২৮ ম্যাচে ম্যানইউর পয়েন্ট ৬৭, সিটির ৬৬।এ অবস্থায় এসে সিটি কোচ মানচিনি বললেন ফার্গুসনের কথাটাই, ম্যানচেস্টার ডার্বিতেই নির্ধারিত হবে শিরোপা! গত ২৩ অক্টোবর প্রথম লেগে ওল্ড ট্রাফোর্ডে গিয়ে সিটি জিতেছিল ৬-১ গোলে। শিরোপার দুই প্রতিদ্বন্দ্বীর ফিরতি ম্যাচ আগামী ৩০ এপ্রিল, সিটির মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে। ৩০ এপ্রিলের ম্যানচেস্টার ডার্বির পরও দুই দলেরই বাকি থাকবে তিনটি করে ম্যাচ। কিন্তু মানচিনির বিশ্বাস, ম্যানচেস্টার ডার্বিতেই নিশ্চিত হয়ে যাবে কে জিতবে শিরোপা, ‘আমি মনে করি, তিন ম্যাচ আগেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়ে যাবে।’ মানচিনি যেটা এখন বলছেন, অভিজ্ঞ ফার্গি সেটা বলেছেন অনেক আগেই! এএফপি।