রুনিতে মুগ্ধ ফার্গুসন

ইংলিশ গণমাধ্যমে এখন চলছে রুনি-বন্দনা। ইংলিশ ফরোয়ার্ডের সাম্প্রতিক পারফরম্যান্সে রীতিমতো মুগ্ধতাই প্রকাশ করেছেন অনেকে। ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ অ্যালেক্স ফার্গুসনও বাদ যাননি। এ বছরের শুরুতেও এই দুজনের সম্পর্কে টানাপোড়েন থাকলেও এখন রুনিকে প্রশংসাতেই ভাসিয়েছেন ফার্গি।
অথচ কয়েক দিন আগেও অনিশ্চিত ছিল রুনির ম্যানচেস্টার ইউনাইটেডের ভবিষ্যত্। গত মৌসুমে ফার্গুসনের শেষ দিনগুলোতে ব্রাত্যই হয়ে পড়েছিলেন এই ইংলিশ তারকা। অনেক আলোচনা সত্ত্বেও দলে জায়গা হয়নি ফার্গুসনের বিদায়ী ম্যাচটাতে। এবারের মৌসুমের শুরুতেও অন্য কোথাও পাড়ি জমাবেন, এমন গুজবেই মুখরিত ছিল ইউরোপিয়ান ফুটবল অঙ্গন। কিন্তু সেই রুনিই ফিরলেন দুর্দান্ত দাপটে। প্রিমিয়ার লিগের খেলায় ফ্রি-কিক থেকে দৃষ্টিনন্দন একটি গোলের পর চ্যাম্পিয়নস লিগের উদ্বোধনী ম্যাচেও করেছেন জোড়া গোল। মুগ্ধ করেছেন ক্লাবের কিংবদন্তি কোচ ফার্গুসনকেও। ম্যানচেস্টার ইউনাইটেডের অভ্যন্তরীণ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘রুনির পারফরম্যান্স ছিল অসাধারণ। আমি এটা দেখে খুবই খুশি হয়েছি। সে তার শক্তি ফিরে পেয়েছে। তার সংকল্প, আক্রমণাত্মক মনোভাব আমার কাছে খুবই উত্সাহজনক মনে হয়েছে। আর একজন পরিচালক হিসেবে এটা দেখে আমার খুবই ভালো লেগেছে। আমাদের স্মৃতিতে রুনির যে ছবিটা ছিল, সেভাবেই দেখা যাচ্ছে তাকে।’
১৯৮৬ সাল থেকে দীর্ঘ ২৭ বছর ধরে ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউট আলো করে রেখেছিলেন ফার্গুসন। ডেভিড ময়েসের হাতে দায়িত্ব বুঝিয়ে দিয়ে বিদায় নিয়েছেন গত মৌসুমের শেষে। তবে কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ওতপ্রোতভাবেই জড়িয়ে আছেন ফার্গুসন। এখন পালন করছেন ইংল্যান্ডের শীর্ষ ক্লাবটির সভাপতি ও শুভেচ্ছাদূতের দায়িত্ব।