রুনিতে মুগ্ধ রোনালদো-বেকহাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালটা মনে আছে? মুখোমুখি ইংল্যান্ড-পর্তুগাল। ম্যাচটা শেষ পর্যন্ত দুই ক্লাব-সতীর্থকে বন্ধু থেকে শত্রু বানিয়ে দিল। ৬০ মিনিটের মাথায় ওয়েইন রুনি বুট দিয়ে খোঁচালেন রিকার্ডো কারভালহোকে। অদূরে দাঁড়িয়ে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো ছুটে এলেন রেফারির কাছে প্রতিবাদ জানাতে।বিষয়টা পছন্দ হয়নি রুনির। ধাক্কা দিয়ে সরিয়ে দেন রোনালদোকে। ফল, রুনির লাল কার্ড দেখে মাঠ ছাড়া। টাইব্রেকে হেরে বিদায় নিল ইংল্যান্ড। এবং ওই ম্যাচের পর ইংল্যান্ড রোনালদোর মধ্যে পেয়ে গেল এক ‘গণশত্রু’। বিশ্বকাপ শেষে রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরবেন কি না, রুনির সঙ্গে আবারও তাঁর দোস্তি জমবে কি না, এটা নিয়ে কত জল্পনা।রোনালদো ঠিকই ফিরেছেন। রুনির সঙ্গেও দোস্তি অটুট ছিল তাঁর। ম্যানইউয়ে দুর্দান্ত মৌসুমও কাটিয়েছেন। কিন্তু সেই যে সুরটা কেটে গেল, তারই পরিণতি কিন্তু রোনালদোর ম্যানইউ থেকে রিয়াল মাদ্রিদে পাড়ি জমানো। বন্ধুত্ব অবশ্য এখনো অটুট দুজনার। সেই বন্ধুত্বের দাবি নিয়ে রোনালদো বলছেন, এবারের বিশ্বকাপ শিরোপা তিনি দেখতে চান রুনির হাতে।‘ইংল্যান্ড কি বিশ্বকাপ জিতবে? কেন নয়? তাদের দুর্দান্ত সব খেলোয়াড় আছে। আছে দারুণ একজন কোচও। দল হিসেবেও ইংল্যান্ড খুবই শক্তিশালী। বাছাইপর্বেও তারা অসাধারণ খেলেছে। ওদের তাই আমি ফাইনালে দেখার আশা করছি’—বলেছেন রোনালদো।আরেকটি বিশ্বকাপের ঘণ্টা যখন শোনা যাচ্ছে, পর্তুগিজ উইঙ্গারের কি মনে পড়ছে না গত বিশ্বকাপের সেই স্মৃতি? এবারও যদি রুনির মুখোমুখি হতে হয়, কেমন হবে সেটা? ‘আমি এখনই রুনি বা ফার্ডিন্যান্ডের মুখোমুখি হওয়া নিয়ে মাথা ঘামাচ্ছি না। আগে গ্রুপ পর্ব উতরানোর কথাই ভাবতে হবে আমাদের। অবশ্যই ফাইনালে যদি রুনি আর রিওর সঙ্গে দেখা হয়, তাহলে সেটা হবে দুর্দান্ত’—রোনালদোর উত্তর।রুনিই এবার ইংল্যান্ডের বাজির ঘোড়া। রোনালদোর ম্যানইউ ছাড়ার সবচেয়ে ভালো দিক হলো, রুনি বেরিয়ে আসতে পেরেছেন রোনালদোর ছায়া থেকে। ইংলিশ প্রিমিয়ার লিগে ২৬ ম্যাচে ২১ গোল করেছেন। রুনির এই দুর্দান্ত নৈপুণ্যে মুগ্ধ ডেভিড বেকহামও। রুনির জাতীয় দল সতীর্থ এবং চ্যাম্পিয়নস লিগের আগামীকালকের ম্যাচের প্রতিপক্ষ বেকহাম বলছেন, ‘কোনো সন্দেহই নেই রুনি এখনকার অন্যতম সেরা গোল স্কোরার। আমি তো এটা সব সময়ই বলি। ও সেটাই প্রমাণ করে চলেছে।’ ওয়েবসাইট।