রুনিবিহীন ম্যানইউকে হারিয়ে শীর্ষে চেলসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েইন রুনি নেই, এই সুযোগের পুরোটাই কাজে লাগাল চেলসি। রুনিবিহীন ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারাল কার্লো আনচেলত্তির দল। উঠে গেল পয়েন্ট তালিকার শীর্ষে। ৩৩ ম্যাচে ৭৪ পয়েন্ট চেলসির, ৭২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানইউ। নিকলাস বেন্টনারের ইনজুরি সময়ের গোলে উলভারহ্যাম্পটনকে ১-০ গোলে হারিয়ে সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে তৃতীয় আর্সেনাল। ভরা ওল্ড ট্রাফোর্ডের বড় অংশটাকে স্তব্ধ করে প্রথমার্ধের ২০ মিনিটে চেলসিকে এগিয়ে দিয়েছিলেন জো কোল। ৭৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বদলি খেলোয়াড় দিদিয়ের দ্রগবা। ২ মিনিট পর একটি গোল ফিরিয়ে ম্যাচে উত্তাপ ছড়ান ম্যানইউর বদলি খেলোয়াড় ফ্রেদেরিকো মাচেদা।ম্যানইউর তিনটি পেনাল্টির আবেদনে না-সূচক মাথা ঝাঁকিয়েছেন রেফারি। দ্রগবার গোলটির সময় ‘অফসাইড’ বলে চেঁচিয়ে কোনো লাভ হয়নি। এর পরও এ ম্যাচের ফল নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই ম্যানইউর। পুরো ম্যাচে চেলসিই ছিল শ্রেয়তর দল। মাচেদার গোলটির আগে কোনো গোলের সুযোগই তৈরি করতে পারেনি ম্যানইউ। রুনির ইনজুরির কারণে প্রথম একাদশে সুযোগ পাওয়া দিমিতার বারবেতভ বরাবরের মতোই ব্যর্থ হয়েছেন। তবে ম্যাচ শেষে এসব নয়, ম্যানইউ কোচ ফার্গুসন দুষেছেন বাজে রেফারিংকে। কয়েক মাস ধরেই হার্নিয়ার ব্যথায় ভুগছেন চেলসির আইভরিয়ান স্ট্রাইকার দ্রগবা। এমনকি বিশ্বকাপে যাওয়ার আগে অস্ত্রোপচারও করানো লাগতে পারে বলে জানিয়েছেন তাঁর কোচ আনচেলত্তি। গত শনিবার অ্যাস্টনভিলার বিপক্ষে ৭-১ গোলের জয়ের ম্যাচে বিশ্রামে ছিলেন তিনি। কালও নেমেছেন বদলি হিসেবে।দ্রগবা মাঠে নামার আগে আনচেলত্তি আক্রমণভাগ সাজিয়েছিলেন নিকোলাস আনেলকাকে সামনে রেখে। দুই উইংয়ে রেখেছিলেন জো কোল আর ফ্লোরেন্ত মালুদাকে। চেলসির প্রথম গোলটি ছিল এ দুজনেরই যৌথ প্রয়াসের ফল। বাঁ প্রান্ত থেকে মালুদা ভ্যালেন্সিয়াকে ছিটকে ফেলেন, এর পর গ্যারি নেভিলকে কাটিয়ে বক্সের কাছে এসে বল দেন ডানে দাঁড়িয়ে থাকা কোলকে। কোলও ফন ডার সারকে পরাস্ত করে বল পাঠিয়ে দেন জালে। দ্বিতীয় গোলটি আবার দুই বদলি খেলোয়াড়ের সমন্বয়ে। ৬৯ মিনেটে আনেলকার বদলি দ্রগবা ম্যানইউর ডাচ গোলরক্ষক ফন ডার সারের বাঁ পাশ দিয়ে বল জালে পাঠানোর আগে বল পেয়েছিলেন বদলি খেলোয়াড় সলোমন কালুর থেকে। এ মৌসুমে ম্যানইউর বিপক্ষে চেলসির দ্বিতীয় জয়ও নিশ্চিত হয়ে যায় এতেই। ইএসপিএন টিভি, এএফপি।