রুনির অনুপ্রেরণা যখন থর্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোরের সূর্য সব সময়ই নাকি দিনের সঠিক পূর্বাভাস দেয় না। ওয়েইন রুনিই তার জ্বলন্ত প্রমাণ। অনেক হইচই ফেলে তাঁর আন্তর্জাতিক ফুটবলে আগমন। ইংলিশ ফুটবল ইতিহাসের অন্যতম সেরা প্রতিভাবান ফুটবলারই বলা হচ্ছিল তাঁকে। কিন্তু ইংল্যান্ডের জার্সি গায়ে রুনি কখনোই প্রতিশ্রুতির ছাপ রাখতে পারেননি। ইংল্যান্ডের সাবেক কোচ ফ্যাবিও ক্যাপেলো এমন অভিযোগও করেছেন, রুনি কেবল ক্লাব ইউনাইটেডের হয়েই নিজের সেরা খেলাটা খেলেন!এই অভিযোগ মাথা পেতে না নিলেও রুনি জানেন, দেশকে দেওয়া হয়নি কিছুই। আরেকটি বিশ্বকাপ সামনে রেখে ইংলিশ স্ট্রাইকার তাই নতুন করে স্বপ্ন গড়ছেন। আর এতে তাঁকে অনুপ্রেরণা জোগাচ্ছেন ইয়ান থর্প! আসলে অলিম্পিকের পাঁচ সোনাজয়ী অস্ট্রেলিয়ান সাঁতারুর ওই অমর বাণীটাই রুনির ভেতরে ঘুমিয়ে থাকা বিশ্বকাপ সাফল্যক্ষুধাটাকে জাগিয়ে তুলেছে! থর্প বলেছিলেন, ‘দ্বিতীয় হওয়াটা পরাজয় নয়। পরাজয় বরং এটাই, পুল থেকে আপনি উঠে এলেন এই জেনে যে আপনি এর চেয়েও ভালো কিছু করতে পারতেন।’আগামীকাল সান ম্যারিনোর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে খেলবে ইংল্যান্ড। ঊরুর চোট কাটিয়ে এই ম্যাচের দলে ফিরেছেন ২৬ বছর বয়সী স্ট্রাইকার। ঊরুর চোটের কারণে গত মাসে প্রথম দুটি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে পারেননি। হতাশার ২০১২ ইউরোর পর ওয়েম্বলির এই ম্যাচটাই তাই হবে ইংল্যান্ডের হয়ে তাঁর প্রথম ম্যাচ। তার আগে রুনির অনুপ্রেরণা হয়ে থর্পের ওই বাণী তো আছেই, ইংল্যান্ডের পুরো দলটাকেই উজ্জীবিত করতে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) নিয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। এফএর নতুন জাতীয় ফুটবল সেন্টার সেন্ট জর্জ পার্ক ছেয়ে ফেলা হয়েছে কিংবদন্তি ববি মুরসহ ইংল্যান্ডের ১৯৬৬ বিশ্বকাপজয়ী নায়কের ছবি দিয়ে!সেখানেই চলছে রুনিদের অনুশীলন। সেখানেই দাঁড়িয়ে রুনি বললেন, ‘আমি মনে করি, এই জায়গাটাই অনুপ্রেরণার। যেদিকেই তাকাবেন, আপনি দেখতে পাবেন ইংল্যান্ডের ইতিহাস এবং ইতিহাসের নায়কদের ছবি। তা ছাড়া ইয়ান থর্পের উক্তিটা আমাকে শক্তি জোগাচ্ছে—আমি মনে করি এটা দারুণ।’তিনি এখন ইংল্যান্ডের সিনিয়র খেলোয়াড়দের একজন। খেলেছেন ৭৬টি ম্যাচ। ‘বড়’ ভাই হিসেবে বাড়তি দায়িত্ব তো আছেই, রুনির কাঁধে এই ম্যাচে উঠতে পারে অধিনায়কত্বও। অধিনায়ক স্টিভেন জেরার্ড নিষেধাজ্ঞার কারণে আজ খেলতে পারবেন না। চোট পাওয়া ফ্রাঙ্ক ল্যাম্পার্ডও শেষ পর্যন্ত মাঠে নামতে না পারলে নেতৃত্বভার বইতে হতে পারে তাঁকেই। রুনির কথা, ‘আমি কিছু শুনিনি। এটা ম্যানেজারের (কোচ) ব্যাপার। তিনি আমাকে কিছু বলেননি। যদি আমি এটা পেয়েই যাই, ওয়েম্বলিতে দেশকে নেতৃত্ব দেওয়াটা হবে দারুণ সম্মানের। সত্যিই এটা হবে আমার জন্য দারুণ গর্বের ব্যাপার।’নেতৃত্বগুণ তাঁর মধ্যে আছে বলেও দাবি করেছেন রুনি, ‘আশা করি, সিনিয়র খেলোয়াড় হিসেবে নেতৃত্বের মানটা আমি দেখাতে পারব। বিশেষ করে দলের অনেক খেলোয়াড়ই যখন তরুণ। আমি সব সময়ই ওদের সঙ্গে কথা বলতে চেষ্টা করি এবং পরামর্শ দিই। আমি সব সময়ই অ্যালেক্স ফার্গুসনের কথাটা মনে করি, তিনি বলেছিলেন, “ইউনাইটেডের তরুণ খেলোয়াড়দের এরিক ক্যান্টোনা কত বড় সাহায্যই না করেছেন।” আশা করি, আমি ওদের কাছ থেকে সেরাটা বের করে আনতে পারব। আর ওরাও আমার কাছ থেকে সেরাটা বের করে নিতে পারবে।’ এএফপি।