রুনির অবসর ভাবনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়োহান ক্রুইফ, ফ্রাঞ্জ বেকেনবাওয়ারদের পথ অনুসরণ করতে চান ওয়েইন রুনি। খেলোয়াড় হিসেবে সফল ক্যারিয়ারের পর তাঁরা কোচ হিসেবেও নাম কামিয়েছিলেন। ইংলিশ স্ট্রাইকার জানিয়েছেন, খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেওয়ার পর তিনি হতে চান একজন সফল কোচ।শুধু কথার কথা নয়, এরই মধ্যে কাজও শুরু করে দিয়েছেন। প্রশিক্ষণ নিতে শুরু করেছেন, ‘আমি কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করতে চাই। এভারটনে যোগ দিয়েছিলাম, যখন আমার বয়স ছিল মাত্র নয় বছর। ফুটবলই আমার জীবনের একটা বড় অংশজুড়ে আছে। খেলা ছেড়ে দেওয়ার পরও তাই আমি ফুটবলেই থাকতে চাই। আমি এ বছর কোচিংয়ের ওপর প্রশিক্ষণও নেওয়া শুরু করেছি। অবশ্য যতটা চেয়েছিলাম, অতগুলো ক্লাস করা আমার পক্ষে সম্ভব হয়নি। আশা করি, সেটি আগামী বছর পারব।’কেন কোচ হতে চান, সেই কারণটিও জানিয়েছেন এই মৌসুমে ক্লাবের হয়ে ৩৪ গোল করা রুনি, ‘আমি ফুটবল ভালোবাসি। ফুটবলটা ভীষণ উপভোগও করি। অবসর নেওয়ার পর রেস্তোরাঁ খুলে বসব—এটা আমি ভাবতেই পারি না। আমি বরং ফুটবলেই থাকতে চাই।’কিন্তু এখনই কোচ হওয়ার প্রসঙ্গ আসছে কেন। বয়স তো তাঁর মাত্র ২৪। সামনে আরও এক দশকের ক্যারিয়ার পড়ে রয়েছে তাঁর জন্য। রুনিও সেটা জানেন। কেবল নিজের ইচ্ছার কথা জানিয়েছেন, এর বেশি কিছু না। ‘হ্যাঁ, আমার বয়স মাত্র ২৪। আশা করি, আমি আরও উন্নতি করব, আরও ভালো পারফরম্যান্স সামনের বছরগুলোয় অপেক্ষা করছে আমার জন্য।’একদিক দিয়ে ‘কোচ’ হিসেবে অবশ্য অভিষেক তাঁর হয়েই গেছে। বাসার পোষা টিয়াটিকে কথা শেখানোর মাধ্যমে! এএফপি।