
প্রথম চেষ্টা বিফলে গেছে। ডেভিড ময়েস ফিরিয়ে দিয়েছেন তাঁকে। হোসে মরিনহো ব্যর্থ দ্বিতীয় চেষ্টাতেও। ময়েস এবারও অনড়। মরিয়া চেলসি কোচ বলছেন, তিনি তৃতীয় চেষ্টাও করবেন। ওয়েইন রুনিকে তাঁর চাই-ই চাই।
এমনিতেই ম্যানচেস্টার ইউনাইটেড-চেলসি ম্যাচ উত্তাপ ছড়ায়। ওয়েইন রুনির ‘দলবদল নাটক’-এর কারণে এবার যেন তা আরও বেশি। আগামী সোমবার ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের বেশ কদিন আগে থেকেই কথাবার্তা শুরু হয়ে গেছে এ নিয়ে।
শুরুর আগেই ম্যাচ জমিয়ে দেওয়ার কৃতিত্ব অবশ্য খানিকটা দেওয়া যেতে পারে চেলসি কোচ হোসে মরিনহোকে। অ্যাস্টন ভিলার বিপক্ষে পরশু রাতে ২-১ গোলে জেতার পর ওই ম্যাচ নিয়ে যত না কথা বলেছেন, তার চেয়ে বেশি বলেছেন ইউনাইটেডের বিপক্ষে পরের ম্যাচ নিয়ে। তবে শুধু ম্যাচ নিয়েই। রুনির দলবদল নিয়ে ঠিক এ মুহূর্তে সরাসরি কিছু বলতে রাজি হননি চেলসি কোচ, ‘আমরা ওই ম্যাচটা (ইউনাইটেডের বিপক্ষে) খেলার আগে এ নিয়ে কিছু বলতে চাই না। ক্লাবের সবাই, বোর্ড আমার সঙ্গে একমত। নৈতিক দৃষ্টিকোণ থেকে আপাতত আমরা চুপ থাকছি।’
এত চেষ্টার পরও যদি শেষ পর্যন্ত রুনিকে না পান? মরিনহো জানালেন বিকল্প ভেবে রেখেছেন তিনি, ‘আমাদের “প্ল্যান বি”, এমনকি “সি”-ও আছে। আমাকে কোনো নাম বলতে বলবেন না। অন্য ক্লাবের খেলোয়াড়ের নাম বলাটা কঠিন।’
প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচ জিতেছে চেলসি। তবে দ্বিতীয় দফায় চেলসির দায়িত্ব নেওয়ার পর মরিনহোর প্রথম বড় পরীক্ষাটা ইউনাইটেডের বিপক্ষেই। এই প্রথম ওল্ড ট্রাফোর্ডে ডাগ-আউটে স্যার অ্যালেক্স ফার্গুসনকে ছাড়া প্রিমিয়ার লিগের ম্যাচ খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড। ডেভিড ময়েস হয়তো রোমাঞ্চিত, তবে ব্যাপারটা ভেবে একটু স্মৃতিকাতর হোসে মরিনহো, ‘আমার জন্য এটা ভাবা কঠিন। আমার মনে হয় অন্য সব কোচের জন্যও। ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলতে যাচ্ছি, অথচ সেই পৌরাণিক চরিত্র আমাদের জন্য অপেক্ষা করছে না!’ রয়টার্স।