রুনির গোলে হাসল ম্যানইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০তম লিগ শিরোপার আশাটা আরও উজ্জ্বল করে ফেলল ম্যানচেস্টার ইউনাইটেড। পরশু নিজেদের মাঠে ম্যানইউ ওয়েইন রুনির একমাত্র গোলে হারিয়েছে ফুলহামকে। এই জয়ে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে ৩ পয়েন্টে পেছনে ফেলল অ্যালেক্স ফার্গুসনের দল। ৩০ ম্যাচ শেষে ম্যানইউর পয়েন্ট ৭৩, ম্যান সিটির ৭০।আগের দিন স্টোক সিটির বিপক্ষে ম্যান সিটির ১-১ গোলে ড্র-ই ম্যানইউকে সুযোগ করে দেয় তিন পয়েন্টে এগিয়ে যাওয়ার। ঘাম ঝরাতে হয়েছে বটে; তবে সুযোগটা কাজে লাগাতে পেরেছে ফার্গুসনের দল। মাঝারি সারির দল ফুলহাম যেন ম্যানইউকে রুখে দেওয়ার প্রতিজ্ঞা করেই নেমেছিল মাঠে। তাদের রক্ষণভাগ রীতিমতো দেয়াল তুলে দাঁড়িয়েছিল। যদিও ৪২ মিনিটে করা রুনির গোলটির দায় একটু হলেও নিতে হবে ফুলহামের ডিফেন্ডার জন আর্নে রিসাকে। অ্যাশলি ইয়াংয়ের নিচু ক্রসে রিসার ভুলে বল পেয়ে যান জনি ইভান্স। তিনি ঠেলে দেন রুনিকে। ইংলিশ স্ট্রাইকার ঠান্ডা মাথায় বল পাঠিয়ে দেন জালে। এবারের লিগে এটি তাঁর ২১তম গোল।ম্যাচ শেষে হারের জন্য ফুলহাম কোচ মার্টিন জোল কাঠগড়ায় তুলেছেন রেফারিকে। ৮৯ মিনিটে ফুলহামের বদলি খেলোয়াড় ড্যানি মার্ফিকে বক্সের মধ্যে ফেলে দেন মাইকেল ক্যারিক। ফুলহামের খেলোয়াড়েরা পেনাল্টির জোরালো আবেদন করলেও রেফারি মাইকেল অলিভার কর্ণপাত করেননি। জোলের দৃষ্টিতে ওটা পরিষ্কার পেনাল্টি। ফার্গুসনও স্বীকার করেছেন ওটা পেনাল্টি হতে পারত। তবে শেষ পর্যন্ত দল জয় নিয়ে মাঠ ছাড়তে পারায় ফার্গুসন খুশি। খুশি হওয়ারই কথা। ওল্ড ট্রাফোর্ডে এসে ফার্গুসন লিগ জিতেছেন ১২ বার। পরশুর জয় রঙিন করল ১৩তম শিরোপা জয়ের আশা। লিগে বাকি আর আট ম্যাচ। সামনের ছয় ম্যাচের চারটিতেই ম্যানইউর প্রতিপক্ষ নিচু সারির দল। ৩ পয়েন্ট এগিয়ে যাওয়ায় ফার্গুসন তো হাসবেনই। এএফপি ও রয়টার্স।