রুনির চোট
ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলনে কপালে চোট পেলেন ওয়েইন রুনি। কিন্তু দুশ্চিন্তায় ঘুম হয় না রয় হজসনের। সেরা স্ট্রাইকারকে ছাড়াই যে এখন বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে হবে ইংল্যান্ডকে!
বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে আগামীকাল ওয়েম্বলিতে মলদোভা আর ১০ সেপ্টেম্বর কিয়েভে ইউক্রেনের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে ইংল্যান্ড। কিন্তু এ দুই ম্যাচের একটিতেও খেলতে পারবেন না রুনি। গত শনিবার ক্লাবের অনুশীলনে সতীর্থ ফিল জোন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কপালে মারাত্মক চোট পেয়েছেন ইংলিশ স্ট্রাইকার। চোটের কারণে জাতীয় দল থেকে তাঁর ছিটকে পড়াটা নিশ্চিত করেছেন ইউনাইটেড কোচ ডেভিড ময়েসও, ‘রুনির অবস্থা খুবই খারাপ। ওর কপালে বিশাল ক্ষত তৈরি হয়েছে। আমার মনে হচ্ছে সে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবে।’ ইংল্যান্ডের জন্য আরও দুঃসংবাদ, চোটের কারণে বাছাইপর্বের ম্যাচে খেলতে পারবেন না জোন্স ও গ্লেন জনসনও। ওয়েবসাইট।