রুনির ঢাল হজসন

ইতালির কাছে ১-২ গোলে হারে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে ইংলিশ ফুটবলের আশার আলো ওয়েইন রুনিকে। বিশ্বকাপে এই পর্যন্ত ৯টি ম্যাচ খেলে গোল পাননি একটিও। গোল করালেও নিজে গোলশূন্য ছিলেন ব্রাজিল বিশ্বকাপের প্রথম ম্যাচেও। তাঁর বিরুদ্ধে সমালোচনার পালে নতুন করে হাওয়া লাগল যেন। অভিযোগ উঠেছে, লেফট উইংয়ে স্বচ্ছন্দ ছিলেন না ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা।
তবে তাঁর পাশে দাঁড়িয়েছেন রয় হজসন। শিষ্যের ওপর এখনই আস্থা হারাতে রাজি নন গুরু। বিবিসিকে হজসন বলেছেন, ‘ও লেফট উইংয়ে স্বাচ্ছন্দ্যে খেলতে পারেনি এমন অভিযোগ করাটা অন্যায় হবে।’
হারের জন্য ভাগ্যকেই দুষলেন ইংলিশ কোচ। বললেন, ‘পুরো ম্যাচেই রাহিম স্টার্লিং প্রতিপক্ষের জন্য বারবার হুমকি হয়ে উঠেছে। প্রথমার্ধে সবাই অসাধারণ খেলেছে। দুর্দান্ত ছিল স্টারিজও। যে রকম চেয়েছি ওয়েলবেক, স্টিভেন জেরার্ড ও জর্ডান হেন্ডারসনরা সে রকমই খেলেছে।’
হয়তো এ কারণেই পরাজয়ের পরও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন হজসন। সেই সঙ্গে অবশ্য ইতালির প্রশংসা করতেও ভোলেননি, ‘ভালো একটা দলের বিপক্ষে খেলেছি। তবে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচ আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। উরুগুয়ে আর কোস্টারিকার বিপক্ষে ম্যাচগুলোতে এটি কাজে আসবে।’
একই সুর অধিনায়ক স্টিভেন জেরার্ডেরও। এই পরাজয়েও সব শেষ হয়ে যায়নি বলে মনে করছেন তিনি। তাকিয়ে আছেন পরের ম্যাচের দিকে, ‘আজ রাতে যা হয়েছে, হয়েছে। আমাদের উরুগুয়ের মুখোমুখি হতে হবে, তাদের যেকোনোভাবেই হোক হারাব।’
সেই পথ ইংল্যান্ড খুঁজে পায় কি না, সেটাই এখন দেখার। ওয়েবসাইট।