রুনির দিনে ইউনাইটেডের ড্র

সুতার ওপর ঝুলছে চাকরিটা। এই ম্যাচটা হেরে গেলেই নোটিশটা পেয়ে যেতে পারতেন। তবে এবারের মতো হয়তো বেঁচে গেলেন টটেনহাম কোচ আন্দ্রেস ভিলাস-বোয়াস। কাল ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করে সিটি-বিপর্যয়ের ধাক্কাটা খানিকটা কাটিয়ে উঠল টটেনহাম।
গত সপ্তাহেই ম্যানচেস্টার সিটি গোল-উৎসব করেছিল টটেনহামের জালে। ৬ গোলের সেই লজ্জার পর টটেনহাম কাল কতটুকু কী করতে পারবে সেই সংশয় ছিলই। প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডের আত্মবিশ্বাসের কমতি ছিল না। লেভারকুসেনকে উড়িয়ে দেওয়ার পর খাবি খাওয়া টটেনহামের সঙ্গে তো জয়টাই ছিল প্রত্যাশিত!
কিন্তু ফুটবল তো আর কাগজে-কলমের খেলা নয়। মাঠে দেখা গেল উল্টো চিত্র। নিজেদের মাঠ হোয়াইট হার্ট লেনে টটেনহামই ছিল বেশি আক্রমণাত্মক। কিন্তু দুবার এগিয়ে গিয়েও অগ্রগামিতা ধরে রাখতে পারেনি স্বাগতিকেরা। দুবারই সমতা ফিরিয়েছেন ওয়েইন রুনি। এই মৌসুমে শুরু থেকেই দেখা যাচ্ছে অন্য রুনিকে। রবিন ফন পার্সির অনুপস্থিতিতে কাল আক্রমণের জোয়ালটা ছিল ইংলিশ স্ট্রাইকারের কাঁধে। রুনি যে সেটা ঠিকঠাক বইছেন, সেটা তো স্কোরলাইনই বলে দিচ্ছে!
ম্যাচের ১৮ মিনিটেই এগিয়ে যায় টটেনহাম। বক্সের ঠিক বাইরে পাউলিনহোকে ফাউল করেছিলেন ইউনাইটেড ডিফেন্ডার জনি ইভান্স। মাটিঘেঁষা ফ্রি-কিকে দলকে এগিয়ে দেন কাইল ওয়াকার। ৩২ মিনিটে রুনির পরের গোলটা অবশ্য পড়ে পাওয়া উপহার। বক্সে ওয়াকারের ভুলে বল এসে পড়ে রুনির পায়ে। সহজ সুযোগটা কাজে লাগিয়েছেন রুনি। পরের গোলটা ম্যাচের তো বটেই, প্রিমিয়ার লিগের এই মৌসুমেরই অন্যতম সেরা। টটেনহাম মিডফিল্ডার সান্দ্রোর দূরপাল্লার দুর্দান্ত শটটা ঠেকানোর সাহসই করেননি ইউনাইটেড গোলরক্ষক ডি গিয়া!
কিন্তু ইউনাইটেড আরও একবার ফিরে আসে খেলায়। সান্দ্রোর গোলের ২ মিনিট পরেই ড্যানি ওয়েলবেককে বক্সের মধ্যে ফেলে দেন টটেনহাম গোলরক্ষক হুগো লরিস। পেনাল্টি থেকে গোল করে রুনি ঢুকে যান অভিজাত একটা ক্লাবে। প্রিমিয়ার লিগের ইতিহাসে শীর্ষ গোলদাতার তালিকায় রুনি এখন পাঁচে। কাল ২ গোল করে ছাড়িয়ে গেলেন রবি ফাউলারকে (১৬৩টি)।
ইউনাইটেড-টটেনহাম ড্র করলেও কাল হাল সিটির কাছে ৩-১ গোলে হেরে গেছে লিভারপুল। সমান ব্যবধানে চেলসি হারিয়েছে সাউদাম্পটনকে। ম্যান সিটি ৩-০ গোলে জিতেছে সোয়ানসির বিপক্ষে। আর আগের দিন জিতেছে আর্সেনাল। কার্ডিফকে ৩-০ গোলে হারিয়ে গানাররাই এখন সবার ওপরে। জোড়া গোল করেছেন স্বপ্নের মতো একটা মৌসুম কাটানো অ্যারন রামসে। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন এই ওয়েলশ মিডফিল্ডারের ১৩টি গোল! এএফপি।