রুনির পক্ষে সাফাই মন্টেনেগ্রো ডিফেন্ডারের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরো ২০১২ বাছাইপর্বের খেলায় মন্টেনেগ্রো ডিফেন্ডার মিওড্রাগ জুডোভিচকে লাথি মারার দায়ে তিন ম্যাচের বহিষ্কারাদেশ পেয়েছেন ওয়েইন রুনি। যার ফলে ইউরোপ সেরার আসন্ন লড়াইয়ে গ্রুপ পর্বের সবকটি ম্যাচই ইংল্যান্ডকে খেলতে হবে তাদের সেরা স্ট্রাইকারটিকে ছাড়াই। তবে এখন সবাইকে অবাক করে দিয়ে রুনির পাশে দাঁড়িয়েছেন সেই লাথি খাওয়া জুডোভিচই। উয়েফার এই শাস্তি একেবারেই ন্যায্য না মন্তব্য করে রুনির পক্ষে কথা বলার অঙ্গীকারও ব্যক্ত করেছেন এই মন্টেনেগ্রোর ডিফেন্ডার।ডেইলি মিররকে দেওয়া এক সাক্ষাত্কারে মিওড্রাগ জুডোভিচ বলেছেন, ‘রুনি যদি এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদন করে, তাহলে অবশ্যই আমি তাঁর পক্ষে কথা বলব। আমার মনে হয় না, এই শাস্তিটা খুব ন্যায্য হয়েছে। সেই মুহূর্তে রুনি কী করেছিল, সেটা হয়তো সে চিন্তাই করেনি। কিন্তু পরে সে তার ভুল বুঝতে পেরেছিল এবং আমার কাছে ক্ষমা চেয়েছিল।’ ইউরো বাছাইপর্বের বাধা উতরে মূল পর্বে যাওয়ার জন্য এখনো লড়তে হচ্ছে মন্টেনেগ্রোকে। তবে মূল আসরে সুযোগ পেলে আবারও ইংল্যান্ড ও রুনির মুখোমুখি হতে চান জুডোভিচ। তিনি বলেছেন, ‘অবশ্যই আমি আবার রুনির বিপক্ষে খেলতে চাই। সে একজন অসাধারণ খেলোয়াড়। আর ইংল্যান্ডের বিপক্ষে খেলাটা আমি সব সময়ই খুব উপভোগ করি।’ ইএসপিএন।