রুনির পক্ষে হজসনের সাফাই

প্রতিবারের মতো এবারো বিশ্বকাপ শুরুর আগেই ইংলিশ মিডিয়া হাওয়া গরম করেছে। নানা ধরনের তর্জন-গর্জনে তারা রুনিকে করেছে মহিমান্বিত। ইংরেজ গণমাধ্যমের প্রতিবেদনগুলো পড়লে রুনির প্রতি প্রত্যাশা বেড়ে যাওয়াটা অস্বাভাবিক নয়। কিন্তু তরী পানিতে নামতেই দেখা গেল আবারও সেই পুরোনো ফুটো। প্রথম ম্যাচেই ইতালির কাছে দলের পরাজয় ঠেকাতে পারেননি রুনি। রুনিকে নিয়ে আবারও ওঠা সমালোচনার ঝড়ে গুরু হজসনকে অবশ্য পাশেই পাচ্ছেন তিনি। শিষ্যের পক্ষে সাফাই গেয়ে তিনি বলেছেন, রুনির পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট।
ইংলিশ মিডিয়া কাউকে আকাশে তুলতে যেমন পটু, একটু উনিশ-বিশ হলে পাতালে পুঁতে ফেলার কাজটাও তারা করে নিপুণতার সঙ্গেই। ইতালির বিপক্ষে ম্যাচের পর রুনির ঢাল হয়েছেন হজসন, ‘পিরলোকে নিয়ে আমাদের আলাদা পরিকল্পনা থাকায় রুনির পজিশন বদলে তাকে আমরা সেন্টারে খেলিয়েছি, যেখানে সে ঠিকমতোই মানিয়ে নিয়েছে। দলের জন্য গোলও সে-ই বানিয়ে দিয়েছে, বেশ কিছু গোলের সুযোগও তৈরি করেছে। মাঠে রুনির খেলা অবশ্যই প্রশংসার দাবিদার।’
রুনিকে নিয়ে মিডিয়ার এমন আচরণ তো এই প্রথম নয়। এ নিয়ে হজসনের মত অনেকটা এমন, কিছু মানুষ যা-ই করুক, সব সময়ই তাকে নিয়ে কোনো না-কোনো সমালচনা চলতেই থাকে। প্রথম ম্যাচে পরাজয়ের জন্য রুনিকে দোষারোপ করাটা অন্যায়ই বটে, সে মাঠে তার পক্ষে যতটা সম্ভব ততটুকুই করেছে।
রুনির প্রতি সবার ক্ষোভটা বেড়েছে ওই অদ্ভুত-দর্শন কর্নারটির জন্য। তাঁর মতো একজন ফুটবলার, যাঁর এত নাম-ডাক, যাঁকে নিয়ে এত কথাবার্তা, তিনি কীভাবে এমন কর্নার করতে পারেন। ডেইলি টেলিগ্রাফ তো তাদের অনলাইন সংস্করণে লিখেই দিয়েছে, ‘রুনিকে নিয়ে মেতে থাকার বিষয়টিতে যবনিকাপাতের সময় এসেছে।’
তবে হজসনের পাশে থাকা রুনিকে শক্তি জোগাবে, সন্দেহ নেই। তিনটি বিশ্বকাপ খেলে ফেলার পরেও ফুটবলের বিশ্বমঞ্চে তাঁর বলার মতো পারফরম্যান্স নেই, কোনো গোল নেই—বিষয়টি যেহেতু চাপের, তাই গুরুকে পাশে পেয়ে খুশিই হবেন তিনি। এএফপি।"