রুনির পছন্দ জেরার্ড
ইংলিশ ফুটবল সংস্থাকে (এফএ) আসলে নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে দুটি। কোচ চাই, অধিনায়ক চাই। দলের প্রধান দুটি পদই যে শূন্য পড়ে আছে। সময়ও বেশি নেই। এ মাসের শেষে হল্যান্ডের সঙ্গে প্রীতি ম্যাচ। এর আগেই ইংল্যান্ড কোচ-অধিনায়ক চূড়ান্ত করতে চায়। যেহেতু অধিনায়ক নির্বাচন করা আসলে কোচের এখতিয়ার, এ কারণে কোচের খোঁজই চলছে আগে।সংবাদমাধ্যম কিংবা সাবেক-বর্তমান খেলোয়াড়দের কাছে কোচ হিসেবে পছন্দের শীর্ষে হ্যারি রেডন্যাপ। টটেনহাম কোচকে যে এফএরও পছন্দ, সেটা বোঝা গেল। রেডন্যাপকে নিয়ে ইংল্যান্ডে ওঠা উন্মাদনার প্রসঙ্গ টেনে এফএ চেয়ারম্যান ডেভিন বার্নস্টেইন বলেছেন, ‘আমরা বাস্তব পৃথিবীতেই বাস করি, ফলে উন্মাদনার ব্যাপারটিও বুঝি। তিনিও (রেডন্যাপ) কোচ হিসেবে দুর্দান্ত কাজ করেছেন। আমরাও তাঁকে অনেক ভালো একজন কোচ মনে করি। তা ছাড়া তিনি একজন ইংলিশও।’তবে শুধু রেডন্যাপের দিকেই যে এফএ তাকিয়ে নেই, সেটাও জানিয়ে দিয়েছেন বার্নস্টেইন, ‘এই উন্মাদনা নিয়ে আমি চিন্তিত নই। কোচের পদটা খুবই আকর্ষণীয়, আরও অনেক ভালো কোচের কাছ থেকে আমরা অবশ্যই সাড়া পাব। এই দায়িত্বটিও তো কম আকর্ষণীয় নয়।’নতুন কোচ এলেই যে ইংল্যান্ড রাতারাতি পাল্টে যাবে, সেটাও তিনি মনে করেন না, ‘বাস্তবতা হলো, গত কয়েক বছর আন্তর্জাতিক পর্যায়ে আমরা বড় সাফল্য পাইনি। ফলে এটা ভালো কিছু করে দেখানোর একটা সুযোগও। তার মানে কিন্তু এমন নয় নতুন কোচকে বিশ্বকাপ জেতাতে হবে। বরং সেমিফাইনাল বা সে রকম কিছুও সাফল্য হিসেবে বিবেচিত হবে।’রেডন্যাপের বয়স ৬৪ বছর। এটা নিয়ে কারও কারও মনে প্রশ্ন। তবে বার্নস্টেইন নিজেকেই উদাহরণ হিসেবে তুলে ধরে বললেন, ‘নতুন কোচের বয়সটা বিবেচ্য হবে না। আমার বয়সই ৬৮ চলছে। সঠিক ব্যক্তির জন্য বয়স কোনো বাধা নয়। বরং সঠিক ব্যক্তিটির মধ্যে থাকতে হবে প্রাণশক্তি, সেটাই গুরুত্বপূর্ণ। অনেককেই দেখবেন চল্লিশেই কেমন বুড়িয়ে যায়। আবার আমরা অনেকেই ষাটের ঘরেও বেশ তরুণ।’অধিনায়ক নির্বাচনের ক্ষেত্রেও ইংল্যান্ড তরুণ কাউকে বেছে নেবে, নাকি অভিজ্ঞ কাউকে—সেটা এখনো নিশ্চিত নয়। তরুণ অধিনায়ক হলে ওয়েইন রুনিই হবেন সেরা পছন্দ। ম্যানইউ তারকা জানিয়েছেন, দায়িত্ব দেওয়া হলে তিনি প্রস্তুত। তবে তাঁর নিজের পছন্দ স্টিভেন জেরার্ড, ‘যারা জানতে চায়, তাদের জন্য বলি, আমি ইংল্যান্ডের অধিনায়ক হতে প্রস্তুত। তবে সেটা নির্ধারণ করবেন নতুন কোচ। আমার চোখে জেরার্ডই এই পদের যোগ্য।’ এএফপি, ওয়েবসাইট।