রুনির পাশে ময়েস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুনি ও ময়েস: যখন ইউনাইটেডে ছিলেন কাছাকাছি l ফাইল ছবি
রুনি ও ময়েস: যখন ইউনাইটেডে ছিলেন কাছাকাছি l ফাইল ছবি

ক্লাসে ভালো ছাত্রের ওপর সবার চোখ থাকে । প্রত্যাশার চাপও তাঁর ওপরই থাকে সবচেয়ে বেশি। কখনো যদি সে একটু খারাপ করে, তাহলেই রব ওঠে ‘ছেলেটা তো নষ্ট হয়ে যাচ্ছে...৷’
ওয়েইন রুনির অবস্থা যেন অনেকটা সে রকমই। ইংল্যান্ডের আক্রমণের মূল ভরসা এই স্ট্রাইকারই। অথচ প্রস্তুতি ম্যাচে খারাপ করায় তাঁকে নিয়ে সমালোচনা চারদিকে। গ্যারি লিনেকার, পল স্কোলসের মতো সাবেকেরা পর্যন্ত বলছেন, রুনি সেরা সময়টা পেছনে ফেলে এসেছেন৷ বিশ্বকাপে তাঁকে অনেক ভুগতে হবে।
স্কোলসের খোঁচাটাই নিশ্চয়ই বেশি আহত করবে রুনিকে। ম্যানচেস্টার ইউনাইটেডে দুজন একসঙ্গে অনেক উৎসবের সঙ্গী হয়েছেন। পুরোনো সতীর্থের প্রতি রুনির খেদ তাই চাপা থাকল না, ‘তিনি আমার সতীর্থ ছিলেন। তবে অনেক দিন থেকেই তিনি দলের বাইরে। অনেকেই লিখছেন স্কোলস আমাকে কোচিং করিয়েছেন, দলের সঙ্গে আছেন। কিন্তু সেটা ঠিক নয়। আমি এ নিয়ে আর কিছু বলতে চাই না। কে কী বলেছে তা নিয়ে আমার মাথাব্যথা নেই।’
তবে কঠিন এই সময়ে রুনির পাশে দাঁড়িয়েছেন পুরোনো একজন শুভাকাঙ্ক্ষী। ডেভিড ময়েসের ম্যানচেস্টার ইউনাইটেডের অধ্যায় তিক্ততায় শেষ হয়েছে। রুনিকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকেই বললেন, ‘বড় ম্যাচে বড় খেলোয়াড়কেই দরকার আপনার। আমার কোনো সন্দেহ নেই ইংল্যান্ডের পক্ষে রুনি সেই ভূমিকা পালন করবে। ওর ওপর চাপের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা ঠিক নয়।’
ময়েসের অভিমত, ইংল্যান্ডের উচিত রুনির ওপর আস্থা রাখা, ‘আমার তো মনে হয় রুনি এখন গত বছরের চেয়ে ভালো অবস্থায় আছে। সে ভালো খেলছে, ফর্মও ভালো। ওর ওপর ইংল্যান্ডকে আস্থা রাখতে হবে। রুনি জানে দলের জন্য সে কতটা মূল্যবান। সে কী করতে পারে তা দেখিয়ে দিতে দৃঢ়প্রতিজ্ঞ।’
ময়েসের কথায় যুক্তি আছে, ইউনাইটেডের অনুজ্জ্বল মৌসুমে রুনিই যা একটু টিমটিম করে জ্বলেছেন। বিশ্বকাপে সাফল্যের আলোয় উদ্ভাসিত হতে পারবেন? ওয়েবসাইট।