রুনির ব্যাপারে আগ্রহ নেই বায়ার্নের

কোনো সম্ভাবনা নেই। ওয়েইন রুনির বায়ার্ন মিউনিখে নাম লেখানোর কোনোই সম্ভাবনা নেই। জার্মান লিগের বর্তমান চ্যাম্পিয়ন ক্লাবটির ক্রীড়া পরিচালক ম্যাথিয়াস সামার বিষয়টি এক প্রকার নিশ্চিতই করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা স্ট্রাইকারের ব্যাপারে বায়ার্ন মিউনিখের আদৌ কোনো আগ্রহ নেই।
হতাশাজনক একটি মৌসুম কাটানোর পর ওয়েইন রুনি এবার খুব করেই চাইছেন ওল্ডট্রাফোর্ডের সঙ্গে বন্ধন ছিন্ন করতে। ফর্মের কারণে এবারের মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের বিদায়ী কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন রুনিকে মাঠের বাইরে বসিয়ে রাখাতেই মূলত তৈরি হয় তাঁর হতাশার জায়গাটি। তিনি নাকি আনুষ্ঠানিকভাবে দলবদলের কথাও ক্লাবকে জানিয়ে দিয়েছেন।
ম্যানচেস্টার ইউনাইটেডে ফার্গুসনের উত্তরসূরি ডেভিড ময়েস অবশ্য ওয়েইন রুনির ভূয়সী প্রশংসা করে তাঁকে ক্লাবে রাখার ইচ্ছা পোষণ করেছেন। তবে রুনি নিজে এখন ম্যানচেস্টার থাকছেন কি না, সেটা নিশ্চিত করা যায়নি।
রুনির সম্ভাব্য গন্তব্য হিসেবে বেশ কিছুদিন ধরেই বায়ার্ন মিউনিখের কথা বলে আসছিল ব্রিটিশ গণমাধ্যম। তবে ম্যাথিয়াস সামার গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘গুজব’ হিসেবেই অভিহিত করেছেন।
সামার বলেছেন, ‘আমি জানি না, রুনি আদৌ বুন্দেসলিগায় খেলতে আসছে কি না।’ তিনি আরও বলেন, ‘খেলোয়াড় হিসেবে আমরা ওয়েইন রুনিকে শ্রদ্ধার চোখেই দেখি, কিন্তু সত্যি বলছি, এ ব্যাপারে (দলবদলের) তাঁর সঙ্গে বায়ার্নের কোনো কথাই হয়নি। পুরো বিষয়টিকে আমি গুজবই বলতে চাই।’ সকারনেট, গার্ডিয়ান।