রুনির ভবিষ্যৎ ময়েসের হাতে: ফার্গুসন
ওয়েইন রুনির ক্যারিয়ারের পূর্ণতা স্যার অ্যালেক্স ফার্গুসনের হাত ধরেই। ২০০৪ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর রুনি হয়ে উঠেছিলেন দলের প্রধান স্ট্রাইকার। ফার্গুসনও রুনিকে ঘিরেই সাজাতেন আক্রমণভাগের পরিকল্পনা। কিন্তু বিদায়বেলায় একসময়ের এই প্রিয় শিষ্যকেই টালমাটাল অবস্থায় রেখে গেছেন ফার্গুসন। বেশ কিছুদিন ধরে রুনির জায়গা হচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের মূল একাদশে। শুরুর এগারোয় জায়গা না পেয়ে ত্যক্ত-বিরক্ত রুনি ক্লাবের কাছে চেয়ে বসেছেন দলবদলের ছাড়পত্র। তিনি ওল্ড ট্র্যাফোর্ড ছাড়তে চান। যদিও ফার্গুসনের বিদায় রুনির এই ভাবনায় কোনো পরিবর্তন আনবে কি না, সেটা এখনো জানা যায়নি; তবে নতুন কোচ ডেভিড ময়েস মনে-প্রাণেই চান রুনি থেকে যান রেড ডেভিলদের জার্সি গায়ে। ফার্গুসনও রুনির ব্যাপারে রক্ষণাত্মক ভঙ্গিতেই ব্যাট চালাচ্ছেন। এই তারকার ভবিষ্যত্ ফার্গি পুরোপুরিই ছেড়ে দিয়েছেন নতুন কোচ ময়েসের হাতে।রুনি ক্লাবে থাকবেন কি থাকবেন না, এটা নিয়ে নাক গলাবেন না বলে স্পষ্টই জানিয়ে দিয়েছেন ফার্গুসন। তিনি বলেছেন, ‘রুনির ব্যাপারে ডেভিডের সঙ্গে আমার কোনো কথা হয়নি। আমি নিশ্চিত, তিনি যখন দায়িত্ব নেবেন, তখন এ ব্যাপারে পদক্ষেপ নেবেন। আমার কোনো ধারণা নেই, রুনি কেন চলে যেতে চায়। এটা এখন আর আমার আওতায় নেই। আমি এ ব্যাপারে আর আগ্রহীও নই।’এবারের মৌসুম শেষ করেই ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে সরে দাঁড়াবেন অ্যালেক্স ফার্গুসন। নতুন কোচ ডেভিড ময়েস দায়িত্ব নেবেন জুলাইয়ের শুরুতে। তাঁর সঙ্গে রুনির কোনো সমঝোতামূলক আলাপ-আলোচনা না হলে হয়তো ম্যানচেস্টার ছাড়ার সিদ্ধান্তই নিয়ে ফেলবেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। ইতিমধ্যে রুনিকে দলে ভেড়ানোর আগ্রহ প্রকাশ করেছে চেলসি ও আর্সেনাল। ফ্রান্স ও স্পেনের শীর্ষ দুই ক্লাব প্যারিস সেন্ট-জার্মেইঁ ও রিয়াল মাদ্রিদেও কথাবার্তা উঠেছে তাঁকে নিয়ে। গোল ডটকম।