রুনির মতো ভালো!
ট্র্যাকে তো অনেক দৌড়াদৌড়ি হলো, এবার একটু মাঠে নামা যাক! এমন চিন্তাভাবনা উসাইন বোল্ট শুরু করেছেন বেশ আগে। সর্বকালের সেরা দৌড়বিদ হয়ে গেছেন এরই মাঝে। অলিম্পিকে তিনবার ১০০ ও ২০০ মিটারের ডাবল জিতেছেন। লন্ডন বিশ্ব চ্যাম্পিয়নশিপ দিয়েই শেষ টানছেন ক্যারিয়ারের। জুনের পরই শুরু হবে অবসরজীবন। ত্রিশ বছর বয়সেই অবসরে যাচ্ছেন, কী করবেন বাকি জীবন? বোল্ট বলছেন করার আছে অনেক কিছু, ‘কত কিছুই তো করতে চাই। আমি নিশ্চিত না, কোনটা দিয়ে শুরু করব। তবে প্রথমে কিছুদিন আয়েশ করব।’
আয়েশ-পর্ব শেষ হলেই অনেক দিনের পুরোনো স্বপ্ন পূরণে নামবেন জ্যামাইকান স্প্রিন্টার, ‘সব সময় ফুটবল খেলতে চেয়েছি, তাই সেটাও ভাবনায় আছে। দেখা যাক কী হয়। ডর্টমুন্ডের সঙ্গে অনুশীলন করার সুযোগ মিলেছে, যেটা ভালো ব্যাপার। আমি এক সপ্তাহের জন্য সেখানে যাচ্ছি, দেখি কেমন লাগে।’
শুরুটা জার্মান ক্লাব দিয়ে হলেও শেষ পর্যন্ত খেলতে চান প্রিয় ম্যানচেস্টার ইউনাইটেডেই। বোল্টের ধারণা, সে যোগ্যতা আছে তাঁর। কারণ নিজেকে যে ইউনাইটেডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার মানেরই ভাবেন তিনি, ‘দেখতে চাই, আমি আসলে কেমন। কারণ বন্ধুদের সঙ্গে সব সময় ফুটবল খেলি। আমার ধারণা, আমি যথেষ্ট ভালো এবং একটু কাজ করলেই ভালো করব আমি। বলছি না, বিশ্বের সেরা ফুটবলার হয়ে যাব। তবে ভালো খেলব, হয়তো ওয়েইন রুনির মতোই!’ ফোরফোরটু।