রুনির লক্ষ্য বেঁধে দিলেন ময়েস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
Roony
Roony

প্রথম একাদশে সুযোগ পাবেন কি না, অন্য কোথাও পাড়ি জমাবেন কি না ইত্যাদি নানা গুজব আর সংশয়ের মধ্যেই কেটে গেছে ওয়েইন রুনির প্রাক-মৌসুম প্রস্তুতির সময়টা। সঙ্গে ইনজুরিটাও বেশ ভালোই ভুগিয়েছে ইংল্যান্ডের এই তারকা ফরোয়ার্ডকে। তবে এবার হয়তো সেসব দুঃসহ দিন পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ারই সুযোগ পাচ্ছেন ২৭ বছর বয়সী এই ইংলিশ তারকা। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে প্রিমিয়ার লিগে ইউনাইটেডের সর্বশেষ ম্যাচে ফ্রি-কিক থেকে দারুণ এক গোল করে প্রমাণ করেছেন, এখনো ফুরিয়ে যাননি তিনি। আর ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ ডেভিড ময়েসও যে তাঁকে নিয়ে দীর্ঘ পরিকল্পনাই করছেন, সেটাও স্পষ্ট বোঝা গেছে। এবারের মৌসুমে রুনিকে ৩০টি গোলের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন ময়েস।
২০১২ সালে রবিন ফন পার্সি ওল্ড ট্রাফোর্ডে আসার পর থেকেই যেন ব্রাত্য হয়ে পড়েছিলেন রুনি। ডাচ এই স্ট্রাইকারের পা থেকেই এসেছে ম্যানচেস্টার ইউনাইটেডের বেশির ভাগ গোল। কিন্তু এখন দলের এই দুই তারকাকে নিয়েই একটা আক্রমণাত্মক জুটি গড়তে চান ময়েস। আর তাই রুনিকে ৩০ গোলের লক্ষ্যমাত্রাও বেঁধে দিয়েছেন এই স্কটিশ কোচ, ‘রুনিকে ৩০ গোলের লক্ষ্যমাত্রা পূরণের জন্য আমি সাহায্য করব। আমার ধারণা, ওয়েনেরও এ রকম লক্ষ্য আছে। ফলে আশা করছি, আমরা এটা সত্যিই করতে পারব।’ ফন পার্সি আর রুনির জুটিটা প্রতিপক্ষের রক্ষণভাগে ত্রাস সৃষ্টি করতে পারবে বলেই আশা করছেন ময়েস, ‘আশা করছি, এই জুটি দেখে সবাই বলবে, ওহ, ঈশ্বর! আমরা রুনি আর ফন পার্সির বিপক্ষে খেলতে নেমেছি!’

২৬ গোল করে ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা ছিলেন ফন পার্সি। মৌসুমটা খুব একটা ভালো না কাটলেও ফন পার্সির পর ম্যানচেস্টার ইউনাইটেডের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন রুনিই। ১২টি গোল এসেছিল রুনির পা থেকে। এবারের মৌসুমে একটা কার্যকর জুটি গড়ে তুলতে পারলে সত্যিই প্রতিপক্ষের জন্য ভয়ংকর হয়ে উঠতে পারেন এই দুই তারকা। গোল ডটকম।