রুনির সেই গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালের ফেব্রুয়ারিতে ‘ম্যানচেস্টার ডার্বি’তে করা ওয়েইন রুনির সেই গোলটির কথা মনে আছে? মাথার ওপর দিয়ে ব্যাকভলিতে করা সেই গোল রুনিকে এনে দিয়েছে অনন্য এক স্বীকৃতি। ইংলিশ প্রিমিয়ার লিগের গত ২০ বছরের সেরা গোল নির্বাচিত হয়েছে ওই গোল। বিশ্বজুড়ে তিন লাখেরও বেশি দর্শকের ভোটে রুনির গোলটি সেরা নির্বাচিত হয়েছে। ১৯৯২ সালের ২০ ফেব্রুয়ারি এফএ প্রিমিয়ার লিগ নাম বদলে হয়ে যায় ইংলিশ প্রিমিয়ার লিগ। তারই ২০ বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন।গত মৌসুমে ম্যানইউকে রেকর্ড ১৯তম লিগ শিরোপা জেতানোর পথে রুনি গোলটি করেছিলেন ম্যাচের ৭৭ মিনিটে, নানির ক্রস থেকে। দলের জয়সূচক (২-১) যে গোলটা ছিল অসাধারণ শারীরিক কসরতের প্রদর্শনী। সেরা গোলের মনোনয়নের তালিকায় গত ১০ বছরের মধ্যে একমাত্র রুনির গোলটিই ছিল।দর্শকও যোগ্য স্বীকৃতিই দিয়েছে। ২৬ শতাংশ ভোট পেয়েছেন রুনি। ১৯ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় ২০০২ সালের মার্চে আর্সেনালের হয়ে নিউক্যাসলের বিপক্ষে করা ডাচ তারকা বার্গক্যাম্পের গোলটি। ২০০০ সালে আর্সেনালের হয়ে রুনির ম্যানইউরই বিপক্ষে করা থিয়েরি অঁরির গোলটি পেয়েছে তৃতীয় সেরা গোলের মর্যাদা, প্রাপ্ত ভোট ১৫ শতাংশ।বার্গক্যাম্প, অঁরির মতো তারকাকে পেছনে ফেলে সেরা হয়ে স্বাভাবিকভাবেই রুনি উচ্ছ্বসিত, ‘আমি প্রিমিয়ার লিগ দেখে দেখেই বেড়ে উঠেছি। কাজেই প্রিমিয়ার লিগ ইতিহাসের সেরা গোলদাতা নির্বাচিত হওয়ার অনুভূতিটা অসাধারণ। সংক্ষিপ্ত তালিকায় দারুণ সব গোল ছিল। অ্যালান শিয়ারার, পাওলো ডি ক্যানিও, টনি ইয়েবোয়া, ডেভিড বেকহামদের যেসব গোল আমি ছোটবেলায় রুমে বসে দেখেছি। তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা এবং জেতাটা আমার জন্য অনেক বড় সম্মানের এবং বিশেষ গর্বের। আমাকে নির্বাচিত করায় আমি দর্শকদের ধন্যবাদ জানাতে চাই।’২০০২ সালে ঘোষিত ১০ বছরের সেরা গোলের পুরস্কার পেয়েছিলেন ম্যানইউতে রুনিরই পূর্বসূরি ডেভিড বেকহাম। এএফপি, রয়টার্স।