রুপা-ব্রোঞ্জই প্রাপ্তি বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রীড়া প্রতিবেদক: টুর্নামেন্টের শেষ ইভেন্ট ছিল রিকার্ভ জুনিয়রের পুরুষ দলগত ফাইনাল। বাংলাদেশেরও সোনার পদকের জন্য শেষ ভরসা ছিল এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপের এই ইভেন্ট। ভারতের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে থেকে শুরু করায় সেই সম্ভাবনাও উঁকি দিচ্ছিল। শেষ পর্যন্ত ৬ পয়েন্টের ব্যবধানে ভারতের কাছে হেরে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হলো স্বাগতিকদের।এশিয়ান আর্চারি গ্রাঁ প্রিঁ ও যুব চ্যাম্পিয়নশিপের মোট ১৫টি সোনার লড়াইয়ে ১২টিই ভারতের। বাংলাদেশ জিতেছে দুটি রুপা ও ছয়টি ব্রোঞ্জ। এর মধ্যে গ্রাঁ প্রিঁতে মহিলাদের কম্পাউন্ড দলগত ইভেন্টে অংশই নিয়েছে ভারত ও বাংলাদেশ। মাত্র দুই দেশের লড়াইয়ে রুপা জেতায় গর্বের কিছু নেই, তবে সোনার পদকের জন্য বাংলাদেশ তাকিয়ে ছিল যুব চ্যাম্পিয়নশিপের পুরুষ দলগত এই ফাইনালের দিকে। সেখান থেকে হতাশাই উপহার দিল ইমদাদুল হক, সজীব হোসেন ও সুজন রহমানকে নিয়ে গড়া বাংলাদেশ দল।দলগত এই ইভেন্টে কাল বাংলাদেশ প্রথম ছয়টি তীর ছুড়ে পায় ৪৬ পয়েন্ট, ভারত ৪৪। পরের ছয়টি ছোড়ার পর বাংলাদেশের স্কোর বেড়ে হলো ৯৩, ভারতের ৯৪। তৃতীয়বারের স্কোর বাংলাদেশ ১৪১, ভারত ১৪২। এরপর সব মিলিয়ে ভারত ১৮৯ করলেও বাংলাদেশ করে ১৮৩ পয়েন্ট। প্রত্যাশা অনুযায়ী খেলতে না পেরে হতাশ ইমদাদুল বললেন, ‘খুবই খারাপ লাগছে।’ বিকেএসপিতে গত গ্রাঁ প্রিঁতে সিনিয়র ইভেন্টে খেললেও এবার ইমদাদুলকে খেলানো হয়েছে জুনিয়রে। কিন্তু ফল ভালো হওয়ার বদলে খারাপই হলো। আরেক খেলোয়াড় সজীব দুষলেন প্রতিকূল আবহাওয়াকে, ‘খেলার মাঝে বৃষ্টি হওয়ায় মনোসংযোগে বিঘ্ন ঘটেছে। তা ছাড়া সুজন একেবারেই নতুন। এটারও প্রভাব পড়েছে।’ভারতের এই আধিপত্যকে স্বাভাবিকভাবেই দেখছেন সর্বোচ্চ তিনটি সোনাজয়ী রিমিল বুরিউলি, ‘আমাদের প্রত্যাশা অনুসারেই ফলাফল হয়েছে।’ এর আগে দলগত সোনা জিতেছেন ঢাকায় সাফ গেমসে। কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় ব্যক্তিগত সোনা জিতলেন এই প্রথম।