রুপার আশায় বিশ্বকাপ-যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র এক মাসের অনুশীলন। দেশের বাইরে নেই কোনো প্রস্তুতি ম্যাচ। তবু বিশ্বকাপে রুপায় চোখ বাংলাদেশ পুরুষ কাবাডি দলের। এর আগের দুটি বিশ্বকাপে ব্রোঞ্জ জেতা বাংলাদেশের পক্ষে যেটি কঠিনই মনে হচ্ছে। ৭-২২ অক্টোবর ভারতের আহমেদাবাদে হবে তৃতীয় বিশ্বকাপ কাবাডি। বাংলাদেশ দল আগামীকাল ভারত যাবে।

প্রস্তুতি ম্যাচের অপূর্ণতা নিয়েই এই যাত্রা। তবে কোচ সুবিমল চন্দ্রের আশা ভারতে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবেন, ‘আমরা আগে গিয়ে চেষ্টা করব ভারতের কোনো দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে।’

বাংলাদেশ অধিনায়ক আরদুজ্জামান, তুহিন ও জাকির সর্বশেষ প্রো-কাবাডি লিগে খেলেছেন। সাত খেলোয়াড় গত এসএ গেমসে ছিলেন। বাকি সাতজন নতুন। তবু এই দল নিয়ে আরদুজ্জামানের চোখ রুপায়, ‘আমরা রুপা জিততে চাই। ভারত আমাদের চেয়ে শক্তিশালী। ওদের হারানোর স্বপ্ন দেখি না। তাই দক্ষিণ কোরিয়াকেই প্রধান প্রতিপক্ষ ভাবছি। ইনশা আল্লাহ, কোরিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠব।’

বাংলাদেশের গ্রুপে আছে ভারত, দক্ষিণ কোরিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও আর্জেন্টিনা। বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ অক্টোবর, প্রতিপক্ষ ইংল্যান্ড।

এশিয়ান বিচ গেমস: ভিয়েতনামে এশিয়ান বিচ গেমসে প্রথম ম্যাচে কাল বাংলাদেশ মহিলা কাবাডি দল ২৮-৫২ পয়েন্টে হেরেছে থাইল্যান্ডের কাছে। পরশু দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।