রুপার স্বপ্ন তাঁদের চোখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>১২তম দক্ষিণ এশীয় গেমসের পর্দা উঠবে ৫ ফেব্রুয়ারি। ভারতের গুয়াহাটি ও শিলংয়ে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতা ঘিরে বাংলাদেশের প্রস্তুতি কেমন? গেমসের বিভিন্ন খেলায় আমাদের সাফল্যই বা কী? এসএ গেমসের প্রস্তুতি নিয়ে এই ধারাবাহিেক আজ হ্যান্ডবল, ব্যাডমিন্টন ও টিটি

হ্যান্ডবল

ব্যস্ততম রাস্তার পাশে পল্টন হ্যান্ডবল স্টেডিয়াম। কান না পাতলেও দিন-রাত হইহল্লার শব্দ শোনা যায়। কিন্তু সেদিকে চোখ তোলার ফুসরত নেই হ্যান্ডবল খেলোয়াড়দের। দুয়ারে কড়া নাড়ছে এসএ গেমস। পদক জেতার স্বপ্নে বিভোর খেলোয়াড়দের অনুশীলনে নিজেদের উজাড় করে দেওয়ার চেষ্টা। আগস্টে শুরু হ্যান্ডবলের আবাসিক ক্যাম্পে পরিশ্রম করে যাচ্ছেন পুরুষ ও নারী হ্যান্ডবল দলের ১৪ জন করে খেলোয়াড়।
২০১০ এসএ গেমসে প্রথম অন্তর্ভুক্ত হয় হ্যান্ডবল, ওই আসরেই অংশ নিয়ে ব্রোঞ্জ জেতে বাংলাদেশ পুরুষ দল। এবার খেলবে মেয়েরাও। গত ডিসেম্বরে সিঙ্গাপুরে গিয়ে পাঁচটি করে প্রস্তুতি ম্যাচ খেলে এসেছে পুরুষ ও নারী হ্যান্ডবল দল। সেখানে ২টি ম্যাচ জিতেছে পুরুষ দল, মেয়েরা ৩টিতে। উজবেকিস্তান, সিঙ্গাপুরের মতো দলকে হারিয়েছেন মেয়েরা। আত্মবিশ্বাসী অধিনায়ক শাহিদা খাতুন বলছিলেন, ‘এসএ গেমসে প্রথমবার খেলব। দীর্ঘমেয়াদি ক্যাম্প করেছি। আশা করছি ফাইনালে উঠব।’ পুরুষ দলের কোচ নাসির উল্লাহর চোখও ফাইনালে, ‘গতবারের চেয়ে অনেক গোছানো এবারের পুরুষ দল। আশা করছি ফাইনাল খেলব। অন্তত একটা পদক নিশ্চিত করবই আমরা।’
ব্যাডমিন্টন
ঢাকায় গত এসএ গেমসে ব্রোঞ্জ জেতে ব্যাডমিন্টনের পুরুষ দল। সেই দলের অন্যতম সদস্য অভিজ্ঞ এনামুল হক লক্ষ্যটাকে এক ধাপ বাড়িয়ে নিলেন এবার, ‘রুপার জন্যই লড়ব। একক ও দলগত দুটি ইভেন্টেই রুপা জিততে চাই। চাওয়া একটাই, ভারতের গ্রুপে যেন না পড়ি।’ দক্ষিণ এশিয়া ছাড়িয়ে ব্যাডমিন্টনে ভারত এশিয়ান পর্যায়ে উঠে গেছে অনেক আগে। বিশ্ব র্যাঙ্কিংয়ের সেরা দশে জায়গা করে নিয়েছেন ভারতীয় শাটলার কে শ্রীকান্ত। তবে গ্রুপে কে পড়ল সেটা নিয়ে বেশি না ভেবে নিজেদের কাজটা ঠিকমতো করে যাচ্ছে ব্যাডমিন্টন দল। আগস্ট থেকে ১২ শাটলারকে নিয়ে চলছে আবাসিক ক্যাম্প। গত নভেম্বরে এসেছেন মালয়েশিয়ান কোচ বিবেক আনবাং। তাঁর অধীনে কঠোর পরিশ্রম করছেন এনামুল, এলিনা, শাপলারা। ব্যাডমিন্টন দল এসএ গেমসে প্রথম খেলে ২০০৪ সালে। সেবার কোনো পদক আসেনি। পরের ২০০৬ কলম্বো গেমসেও একই অবস্থা। তবে ২০১০ ঢাকা গেমসে ৩টি ব্রোঞ্জ জেতে বাংলাদেশ। মিশ্র দ্বৈতে শাপলা আক্তার ও রাসেল কবির। পুরুষ দলগত ইভেন্টে সাইফউদ্দিন, আহসান হাবিব পরশ, রইস উদ্দিন, রাসেল কবির, এনামুল হক ও জামিল উদ্দিন। নারী ব্রোঞ্জজয়ী দলে ছিলেন শাপলা আক্তার, রোজিনা আক্তার, কণিকা রানী, এলিনা সুলতানা, দুলালী হালদার, জেবুন্নেসা সীমা। পুরুষ দলে এবার যোগ হয়েছেন আইমান ইবনে জামান। তরুণ এই শাটলারের ওপর ভরসা করছে ফেডারেশন। বড় আশা জাতীয় চ্যাম্পিয়ন এলিনাকে নিয়েও।
টিটি
পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে অনুশীলনে ব্যস্ত টেবিল টেনিস খেলোয়াড় মাহবুব বিল্লাহ। পাশেই টেবিলের ওপর রাখা কোরিয়ান ভাষার অভিধান। জানুয়ারির প্রথম সপ্তাহে কোরিয়ান কোচ এসেছেন বাংলাদেশে। কিন্তু ভাষাগত দূরত্ব এতটাই যে কোচের সঙ্গে যোগাযোগে অভিধান ও আকার-ইঙ্গিতই ভরসা খেলোয়াড়দের। শেষ দিকে কোচ এলেও খেলোয়াড়দের এসএ গেমসের প্রস্তুতি শুরু আরও আগে থেকে। মাস দুয়েক আগে ভারত থেকে অনুশীলনসঙ্গী এনে দিয়েছিল ফেডারেশন। এসবের ওপর ভরসা করেই রুপা জয়ের আশা। এর আগে কখনোই টিটিতে রুপা জেতেনি বাংলাদেশ। গেমসে এ পর্যন্ত টিটিতে বাংলাদেশের পদক ৭টি। সবগুলোই ব্রোঞ্জ। ১৯৯১ কলম্বো গেমসে প্রথম দলগত ব্রোঞ্জ জেতে বাংলাদেশ। এরপর ১৯৯৩ ঢাকা গেমসে ১টি ও ১৯৯৫ মাদ্রাজ গেমসে ২টি ব্রোঞ্জ আসে। বাংলাদেশের সেরা সাফল্য ২০১০ ঢাকা গেমসে—৩টি ব্রোঞ্জ। পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন মাহবুব বিল্লাহর স্বপ্ন এবার রুপা জয়ের, ‘রুপা জিততে হলে অবশ্যই শ্রীলঙ্কাকে হারাতে হবে। সেই রকম প্রস্তুতিই নিচ্ছি আমরা।’ ক্যাম্পের ১২ জন খেলোয়াড়ের আত্মবিশ্বাসের প্রতিধ্বনিই যেন মাহবুবের কণ্ঠে।
হ্যান্ডবল, ব্যাডমিন্টন, টিটিতে বাংলাদেশের পদক
হ্যান্ডবল
সোনা : ০
রুপা : ০
ব্রোঞ্জ : ১
ব্যাডমিন্টন
সোনা : ০
রুপা : ০
ব্রোঞ্জ : ৩
টিটি
সোনা : ০
রুপা : ০
ব্রোঞ্জ : ৭