রুপালি পর্দায় পেলে

ব্রাজিলের ত্রেস কোরাকোয়েস শহরের এক বস্তিতে জন্ম ছেলেটির। দরিদ্র পরিবারের প্রথম সন্তান, নাম রাখা হয়েছিল বিশ্বখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসনের সঙ্গে মিল রেখে। অভাবের সংসারকে সাহায্য করতে খুব ছোটবেলাতেই বেছে নিতে হয়েছিল চায়ের দোকানের চাকরি। অথচ চোখে তাঁর ফুটবলার হওয়ার স্বপ্ন, বল যেন তাঁর কথা শোনে।
একদিন সেই স্বপ্নও সত্যি হলো। ফুটবল খেলে বিশ্বজয় করল ছেলেটি। পৃথিবী তাঁকে চিনল ‘পেলে’ নামে।
বাবা-মা নাম রেখেছিলেন এডসন অরান্তেস দো নাসিমেন্তো।
খুব চেনা গল্প। সম্ভবত ফুটবল অনুরাগীদের সবচেয়ে বেশিবার শোনা গল্পও। সর্বকালের সেরা ফুটবলারের জীবনকাহিনি। অনেক শোনা সেই গল্পটাই এবার সিনেমার দর্শকদের নতুন করে বলবেন পরিচালক মাইকেল ও জেফ জিম্বালিস্ট ভ্রাতৃদ্বয়। পেলে নামে সিনেমাটির চিত্রায়ণ শুরু হয়েছে গত সোমবার ব্রাজিলের রিও ডি জেনিরোতে।
ফুটবলের রাজার সঙ্গে রুপালি পর্দার যোগাযোগ কিন্তু নতুন নয় মোটেও। তাঁকে নিয়ে যেমন এর আগেও ছবি হয়েছে তেমনি তিনি নিজেও অভিনয় করেছেন অনেক সিনেমা, প্রামাণ্যচিত্র ও টেলিভিশন ধারাবাহিকে। ১৯৬৯ সালে ব্রাজিলিয়ান টেলিভিশনের ধারাবাহিক ‘ওস এস্ত্রানহো’তে প্রথম দেখা গিয়েছিল কালো মানিককে। তবে রুপালি পর্দায় তাঁর প্রথম দাপুটে উপস্থিতি ছিল হলিউডের ছবি এসকেপ টু ভিক্টোরিতে। বিখ্যাত পরিচালক জন হাসটনের সেই ছবিতে মাইকেল কেইন, সিলভেস্টার স্ট্যালোনদের মতো অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে এক যুদ্ধবন্দীর চরিত্রে অভিনয় করেছেন পেলে। এ ছাড়া পেলে এতিমো ও পুসকাস হাঙ্গেরির মতো প্রামাণ্যচিত্রগুলোতেও সরব উপস্থিতি ছিল তাঁর। জিম্বালিস্ট ভাইদের এই ছবিটা অবশ্য অন্যগুলোর চেয়ে একেবারেই আলাদা। পেলের জীবন নিয়ে এটাই প্রথম কোনো বাণিজ্যিক সিনেমা।
ফুটবলার পেলে চূড়ান্ত সফল। তাঁকে নিয়ে বানানো সিনেমা কতটা সফল হয় সেটা দেখার জন্য না হয় অপেক্ষা করা যাক আরও কিছুদিন। এএফপি।