রুবচিচ-অধ্যায় শেষ করে জোভানোভস্কি
একজন গেলেন, আসছেন আরেকজন। ঐতিহ্য বজায় রেখে বাংলাদেশ ফুটবল দলের কোচের চেয়ারে মিউজিক্যাল খেলা চলছেই। গতকাল বিকেলে বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল, রবার্ট রুবচিচ আর ফিরছেন না। এই ধাক্কা অবিশ্বাস্য দ্রুততায় সামলে নতুন কোচ হিসেবে ঘোষণা করা হলো মেসিডোনিয়ার জর্জি জোভানোভস্কির নাম!নতুন কোচ এলে প্রথম প্রশ্ন হওয়া উচিত, ‘তিনি কেমন?’ কিন্তু বাংলাদেশের ফুটবলের প্রেক্ষাপটে সংবাদ সম্মেলনে প্রশ্নটা হলো উল্টো, ‘কত দিন থাকবেন?’ প্রশ্নটা আবার উচ্চকিত করে দিয়ে গেলেন রুবচিচ। বাংলাদেশ ফুটবল দলের ক্রোয়েশিয়ান কোচ ২ জুন কাউকে না জানিয়ে ঢাকা ছেড়ে যান। তাঁকে ফেরানোর সব চেষ্টা ব্যর্থ, শেষ পর্যন্ত নতুন কোচ ঠিক করে ‘নতুন যাত্রা’ শুরু করা হলো কালই। বিদায়ী কোচ নিয়ে নানা ব্যাখ্যার পাশাপাশি বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায়ের কণ্ঠে তৃপ্তি, ‘নতুন কোচ হাই প্রোফাইল।’ জোভানোভস্কি যুগোশ্লাভিয়ার হয়ে ১২ ম্যাচ খেলেছেন, একটি গোলও করেছেন। ইংল্যান্ড, তুরস্ক, বুলগেরিয়া ও রাশিয়ার লিগেও কোচিং করিয়েছেন।কিন্তু কোচ ভালো না মন্দ, এটা তো পরের কথা। বড় প্রশ্ন হলো, নতুন কোচ কি এখানে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, নাকি পূর্বসূরিদের মতো বিদায় নেবেন একরাশ তিক্ততা নিয়ে? এই দেশে জাতীয় ফুটবল দলের কোচদের তো দ্বিতীয়টাই নিয়তি। রুবচিচ দীর্ঘ তালিকায় আরেকটি সংযোজন মাত্র। কিন্তু কেন এমন একরকম পালিয়ে বাঁচলেন রুবচিচ? সম্ভাব্য কারণ, মাসের পর মাস বেতন বাকি পড়া ও বাফুফের পরিকল্পনাহীনতা। নিপাট ভদ্রলোক ছিলেন বলে ক্ষোভটা সেভাবে প্রকাশ করতেন না। তবে পরিচিত সাংবাদিকদের কাছে হতাশাটা ঠিকই প্রকাশিত হতো। এমনও বলতেন, ‘কাজবিহীন অবস্থায় হাঁপিয়ে উঠেছি। মনে হচ্ছে জেলখানায় আছি।’হাসানুজ্জামান, ছাইদ হাসান কানন, গোলাম রব্বানী হেলালকে পাশে নিয়ে বাদল রায় দাবি করলেন, ‘অতীতে বিদেশি কোচরা চলে গেছে পারফরম্যান্স অথবা অ্যাডজাস্টমেন্টের সমস্যায়। আমরা কোচের কাজে কখনো হস্তক্ষেপ করিনি। হ্যাঁ, হয়তো আমাদের সমস্যা ছিল, বেতন নিয়ে রুবচিচের ক্ষোভ থাকতে পারে। এটি বা অন্য কোনো কারণ থাকলে তিনি তো আমাদের জানাতে পারতেন।’পেশাদার কোচকে নিয়মিত বেতন দিতে হবে—এটা জানানোর কী আছে, এটা একটা প্রশ্ন বটে। গত সেপ্টেম্বরে এক বছরের চুক্তি হওয়ার পর প্রথম চার মাস বেতনই পাননি রুবচিচ। চুক্তি শেষে অগ্রিম বেতন সমন্বয় করার নিয়ম, অথচ শুরুতেই তা করায় রুবচিচের জন্য সেটি ছিল অপমানজনক। বাদল স্বীকার করতে বাধ্য হলেন, ‘রুবচিচের গত চার মাসে ১৮ হাজার ডলার বেতন পাওনা আছে। টাকাটা আমরা তাঁকে দিতে চেয়েছি, কিন্তু তিনি একবারে নেবেন বলে নেননি। তবে শুরুতেই তাঁর বেতন সমন্বয় করার বিষয়টা আমি জানতাম না। এটা করা হলে ঠিক হয়নি।’রুবচিচ বাংলাদেশে ১০ মাসের মেয়াদকালে মাত্র ২৯ দিন মাঠে কাজ করার সুযোগ পেয়েছেন! বাদল মানছেন এই সমস্যাটা, ‘এটা ঠিক, আমরা তাঁকে ঠিকমতো কাজ দিতে পারনি। ভবিষ্যতে এই বিষয়গুলো আমরা দেখব।’রুবচিচ বাফুফের বিরুদ্ধে ফিফায় অভিযোগ করেছেন বলে খবর। এ ব্যাপারে ফিফা বিস্তারিত জানতে চেয়েছে বাফুফের কাছে। যদিও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানের দাবি, ‘আমরা কিছু জানি না।’ বিশ্বকাপ প্রাক-বাছাইয়ে খেলার জন্য পাকিস্তান যেতে আপত্তিকেও রুবচিচের চলে যাওয়ার সম্ভাব্য একটা কারণ বলে দাবি করা হচ্ছে। সঙ্গে যোগ করা হচ্ছে রুবচিচের পারিবারিক ঝামেলাও। যদি তা-ই হয়, রুবচিচ বেতন না নিয়ে চলে যাবেন কেন? এই প্রশ্নের কোনো উত্তর নেই। ডিডোকে বরখাস্ত করে বাফুফে সভাপতি প্রতিশ্রুতি দিয়েছিলেন, বায়োডাটা দেখে আর কোচ নয়। অথচ সেটিই হচ্ছে। নতুন কোচের বায়োডাটা যথেষ্টই সমৃদ্ধ। ভালো কোচ তো বাংলাদেশের ফুটবল আগেই পেয়েছে। কিন্তু ধরে রাখতে পেরেছে কই? নতুন কোচ আসছেন ১৯ জুন। ২৯ জুন পাকিস্তানের বিপক্ষে অভিষেক হবে তাঁর। আপাতত এক বছরের চুক্তি হবে, বার্ষিক বেতন ৬৬ হাজার ডলার। বাফুফে নতুন কোচকে নিয়মিত বেতন দিতে পারবে তো?